ভোটের আবহে রাজনৈতিক তরজা তুঙ্গে সোনারপুর দক্ষিণ কেন্দ্রে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলকে। তিনি বলেন, ‘তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট’। লাভলি মৈত্রর নাম না নিয়ে রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। রূপার আরও অভিযোগ, সোনারপুর দক্ষিণ কেন্দ্রে উন্নয়নের কাজ ঠিক মতো হয়নি। উন্নয়নের জন্য বরাদ্দ টাকা অন্য কাজে লাগানো হয়েছে।
তবে রূপা গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। তিনি বলেন, ‘উনি যা বলেছেন তা ওঁর এবং ওঁর দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই।’ এ ছাড়াও বিজেপির বিরুদ্ধে মহিলাদের অসম্মান করার অভিযোগও তোলেন লাভলি। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও প্রণাম জানাতে ভোলেননি লাভলি।
ভোটের আবহে লাভলী স্পষ্ট করে দিয়েছেন, যে তিনি কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী নন। তবে রূপার অভিযোগ বা উন্নয়নের নিয়ে সরাসরি কোনও উত্তর দেননি লাভলী। লাভলীর দাবি, ভোটের ফলাফল প্রকাশ হলেই বোঝা যাবে মানুষ কাদের পাশে আছে। আপাতত দুই শিবিরের এই বাকযুদ্ধকে কেন্দ্র করে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।