• ভোটের আগে ভাটপাড়ায় ফের অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২ দুষ্কৃতী
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • ভোটের মুখে ফের অস্ত্র উদ্ধার হলো ভাটপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে সেখানে তল্লাশি শুরু করে পুলিশ। উদ্ধার হয় দু’টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড কার্তুজ। ঘটনায় দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অজয় বিশ্বকর্মা এবং ফিরোজ আলম। তদন্তে জানা গিয়েছে, জগদ্দল এলাকায় এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় খুনের অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে জগদ্দল জিলিপির মাঠে হানা দিয়ে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    এই নিয়ে গত ডিসেম্বর মাস থেকে এ দিন ( ২ এপ্রিল) পর্যন্ত ভাটপাড়া থানার পুলিশ মোট ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ৫১টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই সময়ের মধ্যে মোট ২৭ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচনের আগে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি বজায় রাখতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে। ধৃতদের জেরা করে উদ্ধার হওয়ায় অস্ত্রের উৎস জানার চেষ্টা চলছে।

  • Link to this news (এই সময়)