নির্বাচনী প্রচারসভায় গিয়ে বাঁকুড়া জেলার তালড্যাংরার বিজেপি প্রার্থীকে নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচার সভায় হাজির ছিলেন তিনি। সেখানেই বিজেপি প্রার্থী সৌভিক পাত্রকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘তৃণমূল থেকে বহিষ্কৃত নেতাকে প্রার্থী করেছে বিজেপি।’
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে অভিষেকের দাবি, ‘আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, ভাঙচুরের অভিযোগ রয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালে তালড্যাংরা আসন থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন অরূপ চক্রবর্তী। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে নির্বাচিত হন অরূপ। এর পরে তালড্যাংরা আসনে উপনির্বাচন হলে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনি সিংহবাবু। ফের এই আসনে জয়ের ব্যাপারে নিশ্চিত অভিষেক। তাঁর বক্তব্য, ‘আমাদের প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর পরিচিতি আপনারা সকলে জানেন। তাঁর কাজ করার দক্ষতা, মানুষের পাশে থাকার মানসিকতা আপনারা সবাই দেখেছেন। তিনি ধাপে ধাপে অঞ্চল স্তরের সংগঠক থেকে ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পরে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছিল। তিনি বিধায়ক হয়েছেন। এ বার আমাদের জয় সময়ের অপেক্ষা।’