আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুর যদি একটি সিটে জেতায়, তাতেই পরিবর্তন হবে। শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে রোড শো থেকে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, ‘শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়াতে চেয়েছিলেন। কিন্তু আমি বলেছি ভবানীপুরে দাঁড়াতে। আমার কথাতেই শুভেন্দু অধিকারী ভবানীপুর দাঁড়িয়েছে।’ শাহ আরও বলেন, ‘আমিই বলেছিলাম মমতার ঘরে গিয়ে ওনাকে হারাতে হবে। ভয় মুক্ত হয়ে ভোট দিতে হবে। তৃণমূলের মূল উপড়ে বাংলার খাড়িতে ফেলে দিতে হবে। যে যে রাজ্য মোদির ওপর ভরসা রেখে সরকার গড়েছে তারাই বিকাশের দিকে এগিয়ে গেছে।’ এরপরই ভবানীপুরবাসীর উদ্দেশে শাহ বলেন, ‘শুভেন্দুকে বহু ভোটে জেতান। তাহলেই পরিবর্তন হবে।’
এদিকে, বৃহস্পতিবার বেলা গড়াতেই শুভেন্দু অধিকারীদের মনোনয়ন পর্বের রোড শো শুরু হয় হাজরা মোড় থেকে। রোড শোয়ের গাড়িতে শুভেন্দুর সঙ্গে ছিলেন অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে থেমে যাবে শুভেন্দুদের রোড শোয়ের গাড়ি। তার পরে পায়ে হেঁটে শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু সহ অন্য বিজেপি প্রার্থীরা। ইতিমধ্যেই মনোনয়ন জমাও দিয়েছেন শুভেন্দু।
এদিকে, মনোনয়ন জমা দেওয়ার আগে ভবানীপুরের এক গুরুদ্বারে গিয়ে প্রার্থনা করেন শুভেন্দু অধিকারী। এরপর লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে আরাধনা করেন শুভেন্দু। রোড শো’র মঞ্চ থেকে শাহ আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব।’ এদিকে, শুভেন্দুর মনোনয়নের দিনেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
প্রসঙ্গত, শুভেন্দুদের এই মনোনয়নপর্বে উপস্থিত থাকার জন্য বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যান অমিত শাহ। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ শাহের বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে রাত ১২টা ৫০ মিনিট নাগাদ হোটেলের উদ্দেশে রওনা দেয় শাহের গাড়ি।