• ডিজে-অস্ত্র নিয়ে হনুমান জয়ন্তীর মিছিল, দুধ দিয়ে ‘স্নান’ মোদী-নেতানিয়াহুকে
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় দেখা গেল অস্ত্রের দাপট। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় বরাবরই বড় করে হনুমান জয়ন্তীর উৎসব পালন করা হয়। ভোটের আবহে এ বারও দেখা গেল একই ছবি।

    বাঁশবেড়িয়ার নানা জায়গা থেকে ৩২টি শোভাযাত্রা বেরিয়ে কল বাজারে হনুমান মন্দিরের সামনে জমায়েত হয়। সেখানে থেকে সবাই মিলে শোভাযাত্রা করে বেরোয়। ডিজে নিয়ে হয়েছে মিছিল। মিছিলে হাঁটা বহু তরুণ-তরুণীর হাতে তরবারি-সহ নানা ধরনের অস্ত্র দেখা গিয়েছে। কলবাজার, শিবপুর, ঝুলোনিয়া, বোরোপাড়া হয়ে ইসলাম পাড়া দিয়ে আবার কলবাজার ফিরে আসে এই শোভাযাত্রা।

    গোটা রুট ঘিরে কড়া নিরাপত্তা রেখেছিল পুলিশ। গোটা রাস্তার গুরুত্বপূর্ণ জায়গার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল। হুগলি গ্রামীন অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি পদমর্যাদার অফিসারেরা উপস্থিত থেকে শোভাযাত্রার তদারকি করেন। নিরাপত্তার জন্য জেলার অন্য থানা থেকেও ফোর্স আনা হয়েছিল।

    এ দিন হনুমান মন্দিরে উপস্থিত হয়ে পুজো দেন সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বোস। বিজেপি স্বরাজ ঘোষও পুজো দিয়েছেন, পাঁচ হাজার লাড্ডু বিলি করেন তিনি। সিপিএম প্রার্থী অনির্বাণ সরকারও মন্দিরে আসেন।

    বৃহস্পতিবার সওয়া তিনটে নাগাদ শুরু হয় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি নিয়ে মিছিল হয়েছে। এ দিন, মোদী ও নেতানিয়াহুর ছবি দুধ দিয়ে ধোয়াতে দেখা যায়।

  • Link to this news (এই সময়)