• ‘শুধু অঞ্চল সভাপতি না, প্রধান-উপপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা’, কাঁথির দলীয় বৈঠকে বার্তা অভিষেকের
    এই সময় | ০২ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরেই জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই বৃহস্পতিবার কাঁথি সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে পৃথক বৈঠক করলেন অভিষেক। লোকসভায় এই সাংগঠনিক জেলা এলাকায় আশাপ্রদ ফল হয়নি শাসকদলের। দ্বন্দ্ব মিটিয়ে আগামী ২০ থেকে ২৫ দিন দলের প্রার্থীদের জেতানোর জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন অভিষেক। পাশাপাশি, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের পারফরম্যান্স বিচার করা হবে বলেও কড়া নির্দেশ অভিষেকের।

    তৃণমূল সূত্রে খবর, এ দিনের বৈঠকে অভিষেক জানিয়ে দেন, তৃণমূলের পদে থাকার এখন একটাই মাপকাঠি পারফরম্যান্স। তিনি বলেছেন, ‘আপনি যদি ভালো পারফর্ম করেন দল আপনাকে পুরস্কৃত করবে। যে অঞ্চল সভাপতি কাজ করবে না, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু অঞ্চল সভাপতি না, এ বার প্রধান উপপ্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে।’

    ২০২১ সালের নির্বাচনে এই সাংগঠনিক জেলার অধীনে কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি বিধানসভাগুলি জিতে নিয়েছিল বিজেপি। লোকসভা নির্বাচনের হিসেবেও অনেক আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। এ বারের নির্বাচনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গড়ে বাড়তি নজর দিচ্ছে শাসকদল।

    কাঁথি সাংগঠনিক জেলায় মোট ৮ টি বিধানসভা আসন। সব আসনেই আরও ভালো ফলাফল করতে চাইছে তৃণমূল। খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবীন চন্দ্র মণ্ডল নতুন প্রার্থী। প্রার্থী তালিকা প্রকাশের আগেই দেওয়াল লেখন চর্চা হয়। অন্য দিকে, চণ্ডীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক। উত্তম জেলাপরিষদের সভাধিপতি পদে রয়েছেন। ২০২১-এর নির্বাচনে পটাশপুর বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন। তাঁর আসন বদল করা হয়েছে এ বার। এরকম একাধিক ক্ষেত্রে প্রার্থী নিয়ে কমবেশি অসন্তোষ রয়েছে। অভিষেক বলেন, ‘দল যাঁকে প্রার্থী করেছে, আমার ভালো লাগুক না লাগুক তাঁকে জেতানো আমাদের দায়িত্ব। মান অভিমানের কোনও জায়গা নেই।’

    এ দিনের বৈঠকে অভিষেক বলেন, ‘পূর্ব মেদিনীপুরে আমাদেরই হয়তো দুর্বলতা রয়েছে তাই লোকসভায় ফল ভালো হয়নি। দল তো কারও একার দায়িত্বে চলে না। কোন ওয়ার্ডে বা বুথে বা পঞ্চায়েতে আমাদের দুর্বলতা রয়েছে, সেটা খুঁজে বের করে বিশ্লেষণ করত হবে। আগামী ২০-২৫ দিন আমাদের সর্বশক্তি দিয়ে লড়তে হবে।’

  • Link to this news (এই সময়)