যুদ্ধের মধ্যেই ইরান থেকে দেশের নাগরিকদের সরিয়ে আনছে ভারত। পশ্চিম এশিয়ার যুদ্ধের মধ্যেই ১২০০ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
সংবাদমাধ্যম সূত্রের খবর, বিদেশ মন্ত্রকের একটি অভ্যন্তরীণ মিটিংয়ে ওই মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, আজারবাইজ়ান এবং আর্মেনিয়া দিয়ে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। ফিরিয়ে আনা ১২০০ জন নাগরিকের মধ্যে ৮৪৫ জন পড়ুয়া। রণধীর জয়সোয়াল বলেছেন, ‘৯৯৬ জনকে আর্মেনিয়া দিয়ে এবং ২০৪ জনকে আজারবাইজ়ান দিয়ে ফেরানো হয়েছে।’
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ রাখছে মন্ত্রক। আজারবাইজ়ান এবং আর্মেনিয়ার প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইরানে আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফিরিয়ে আনার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।