• অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল কমিশন, কতজনের নথি যাচাইয়ের কাজ শেষ?
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৬
  • আগামী ৭ এপ্রিলের মধ্যেই মোট প্রায় ৬০ লক্ষ ‘বিচারাধীন’ প্রার্থীদের নথি যাচাই ও নিষ্পত্তি করার কথা আগেই জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মর্মে সুপ্রিম কোর্টকেও বিষয়টি জানানো হয়েছিল। বৃহস্পতিবারে অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

    রাজ্যের CEO অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫২ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে বলে খবর। নথি যাচাই বাকি আছে ৮ লক্ষের কাছাকাছি। আগামী ৪ দিনের মধ্যে বাকি ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ শেষ হয়ে যাবে বলেও আশা করছে কমিশন। অন্য দিকে, বুধবার রাতে মালদার কালিয়াচক জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখার ঘটনার পরে হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার বিষয়টিও বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

    চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ২৮ মার্চ। এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৬০ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নথি যাচাইয়ের কাজ শুরু করেন জুডিশিয়াল আধিকারিকরা। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন রয়েছে। প্রথম দফার নির্বাচনের জন্য আগামী ৬ এপ্রিল মনোনয়ন পর্বের শেষদিন। তার আগেই ভোটার তালিকা লক করার জন্যে নথি যাচাইয়ের কাজ শেষ করতে হবে।

    অন্য দিকে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরেও যাঁদের নাম ওঠেনি, তাঁদের এ বার ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। যদিও ট্রাইব্যুনালের কাজ কবে শুরু হবে, সে ব্যাপারে ধোঁয়াশা রয়ে গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত।

  • Link to this news (এই সময়)