মনিরুল হক, কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বড়সড় উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক এদিন কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন। একই সময়ে সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির নেতৃত্ব ও কর্মীরাও।
তৃণমূলের পক্ষ থেকে একটি বিশাল মিছিল দপ্তরের সামনে পৌঁছতেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রথমে স্লোগান যুদ্ধ শুরু হয়। এরপর শুরু হয় বচসা। যা অল্প সময়ের মধ্যেই ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খল পরিস্থিতিতে রূপ নেয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। মহকুমা শাসকের দপ্তরের চত্বর জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সক্রিয় হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
এদিন তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে এক ভিন্ন সাজে দেখা যায়। ডমরু হাতে নিয়ে তিনি মিছিলের সামনের সারি থেকে দপ্তরের দিকে এগিয়ে যান।
কার্যত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। দুই প্রধান রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন ও সংঘর্ষের এই ঘটনা কোচবিহার দক্ষিণে ভোটের আগে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিল।