'লড়াই এবার নিজের সঙ্গেই', কেন এমন বললেন অসীমা পাত্র
আজকাল | ০৩ এপ্রিল ২০২৬
মিল্টন সেন: গত তিনবার হুগলি জেলার ধনেখালি বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন তৃণমূলের অসীমা পাত্র। ছাব্বিশের ভোটেও তিনিই ফের জোড়-ফুল প্রতীকে প্রার্থী। বৃহস্পতিবার বাইক ব়্যালি, ধামসা মাদল মিছিল সহকারে ধনেখালি থেকে চুঁচুড়া ঘড়ির মোর পর্যন্ত নির্বাচনী প্রচার সারেন অসীমা। বেলা বাড়তে যুব দপ্তরের আধিকারীক মৌলি সান্যালের হাতে মনোনয়ন পত্র পেশ করেন তৃণমূল প্রার্থী। শেষে তিনি জানান, এবারের ভোটে তাঁর প্রতিপক্ষরা গুরুত্বহীন। লড়াই এবার তাঁর নিজের সঙ্গেই! অতীতের তিন বারের জয়ের ব্যবধান ছাপিয়ে যাওয়াকেই চ্যালেঞ্চ হিসাবে দেখছেন অসীমা পাত্র।
২০১১ থেকে ২০২১ সাল। অসীমা সামলেছেন মন্ত্রীর দায়িত্ব। ২০২১ সালে ৩০ হাজার ভোটে ধনেখালি থেকে জিতেছিলেন এই তৃণমূল প্রার্থী। চব্বিশ সালের লোকসভা ভোটে ধনেখালি বিধানসভা থেকে থেকে ৪২ হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির থেকে এগিয়ে ছিলেন তৃনমূলের রচনা ব্যানার্জি।
অসীমা পাত্রের সামনে এবার সেই ব্যবধান বাড়ানোর লড়াই। ধনেখালির পোড়খাওয়া তৃণমূল প্রার্থী বলেছেন, "আমার লড়াই আমার সঙ্গেই। কীভাবে এই বিদানসভায় গত লোকসভার ব্যবধানও ছাপিয়ে যাওয়া যায় আমার নজর সেদিকেই। বিজেপি আর নির্বাচন কমিশন একদিকে, আর অন্যদিকে রাজ্যের মানুষ। রাজ্যবাসী কমিশন ও বিজেপিকে এই হয়রানির জবাব দেবেন ইভিএম-এ।
আগামী ২৯ এপ্রিল হুগলি জেলায় ভোট রযেছে। জেলার ১৭টি আসনেই ওইদিন ভোট হবে। গণনা আগামী ৪ঠা মে।