আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে উত্তাল মালদহ। মালদহের ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে শীর্ষ আদালত জানিয়ে দেয়, ঘটনার তদন্ত করবে সিবিআই বা এনআইএ। বৃহস্পতিবার সন্ধে বেলা জানা গেল, ঘটনার তদন্ত করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর তেমনই।
এর আগেই, জানা গিয়েছিল, কমিশন ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য রাত্রি ১২টার সময় বেঁধে দিয়েছিল। সূত্রের খবর, বৃহস্পতিবারেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের সিইও এবং পুলিশ-প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন, সেখানে তিনি গোটা ঘটনায় বিরক্তি প্রকাশ করেন বলেও খবর সূত্রের। ঠিক তার পরেই সামনে এল সিবিআই তদন্তের নির্দেশের জল্পনা।
বুধবার থেকে মূলত উত্তপ্ত হয় মালদহ। এসআইআর-এর নাম বাদ পড়ার ক্ষোভে, পথ অবরোধে বসেন স্থানীয়রা। তুমুল বিক্ষোভের মাঝে আটকে পড়েন, বিচারক, জুডিশিয়াল অফিসাররা। তাঁদের উদ্ধার করার পরেও পরিস্থিতি শান্ত হয়নি। উত্তেজনা ছড়ায় দফায় দফায়।
বৃহস্পতিবারেই, মালদহের ঘটনায় কড়া পদক্ষেপ নেয় শীর্ষ আদালত। মালদহের দফায় দফায় বিক্ষোভের ঘটনায় পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, মালদহের জেলাশাসক রাজনবীর সিং কপূর, মালদহ পুলিশ সুপার অনুপম সিংকে শোকজের নির্দেশ দেয় শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না, সেই কারণ দর্শাতে বলা হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ মালদহের ঘটনাকে বিচার ব্যবস্থার ওপর ‘নির্লজ্জ হামলা’ হিসেবে জানানো হয়।