Malda Violence Update: মালদার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর তৎপর নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে EC। বিচারকদের নিরাপত্তা থেকে শুরু করে তদন্ত; একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মালদায় ভোটার তালিকা সংশোধন (SIR) কেন্দ্র করে উত্তেজনা ও বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় 'বিস্ময়' প্রকাশ করেছে শীর্ষ আদালত। এদিন নির্বাচন কমিশনকে বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশের পরেই তড়িঘড়ি নড়েচড়ে বসে কমিশন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু হয়। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ ও প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়।
কমিশন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, এডিজি (আইন-শৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। পাশাপাশি, রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক (DEO) ও পুলিশ সুপাররাও ছিলেন।
বৃহস্পতিবার এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ সরাসরি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। রাজ্য প্রশাসনকে ভর্ৎসনাও করা হয়। সিবিআই বা এনআইএ-র মতো স্বাধীন সংস্থাকে ঘটনার তদন্তের নির্দেশ দেয় বেঞ্চ। শুধু তাই নয়, এসআইআর-এ যুক্ত বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের পরিবারের সুরক্ষার বিষয়েও বিশেষ নজর দিতে বলা হয় কমিশনকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের অভিযোগ ছিল; বৈধ নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই ক্ষোভ থেকেই ধীরে ধীরে উত্তেজনা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে কালিয়াচক-২ ব্লক অফিসের সামনে ভিড় বাড়তে থাকে। বিকেল ৪টে নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিচারকদের ঘিরে ফেলা হয়।