উল্লেখ্য, ৮ জানুয়ারি সল্টলেকে আইপ্যাকের অফিস এবং সংস্থার অন্যতম কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি করেছিল ইডি। যা নিয়ে শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। সূত্রের খবর, বৃহস্পতিবার আইপ্যাকের এক ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের বেঙ্গালুরুর বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। এদিন বেঙ্গালুরুর মোট তিনটি জায়গায় হানা দেন ইডির তদন্তকারীরা। একই সময়ে হায়দরাবাদেও আইপ্যাকের দপ্তরে তল্লাশি শুরু হয়। যদিও এদিন হায়দরাবাদ এবং দিল্লির ক’টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইডি।
এরই মধ্যে কয়লা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রতীক জৈন এবং ঋষিরাজ সিং-কে দিল্লিতে তলব করেছে ইডি। দিল্লিতে তাঁদের হাজিরা দেওয়া নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর আইপ্যাক অফিসে হানার ঘটনাকেই হাতিয়ার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কয়লা কেলেঙ্কারির মামলায় আইপ্যাকের যোগ থাকার অভিযোগে তদন্ত শুরু করে ইডি। ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিল তদন্তকারী অফিসাররা।
সেই সময় সেখানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই উপস্থিতি নিয়ে আগেই মামলা করেছে ইডি। যার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যেই দিল্লি হাইকোর্টে ইডির অভিযোগ, কলকাতায় সিবিআই এবং ইডির অফিস তদন্তের জন্য সুরক্ষিত নয়।, গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ ছিনিয়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, এই সমনের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করেছেন প্রতীক এবং ঋষি। আদালতে জানিয়েছেন, তাঁরা পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর নির্বাচনের কাজে ব্যস্ত, তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা কলকাতায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান। কিন্তু ইডি-র সেই আবেদনের তীব্র বিরোধিতা করেছে। ইডির পাল্টা দাবি, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোনও নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, সেই নথির গোপনীয়তা ভঙ্গ হতে পারে।
দিল্লি হাইকোর্টের বিচারপতি অনুপ জয়রাম ভামবানির বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি অনুপ জয়রাম ভামবানি ইডির কাছে জানতে চান, ৫ বছর ধরে চলা তদন্তে কেন এখনই জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হল? কেন কলকাতায় জিজ্ঞাসাবাদ সম্ভব নয়? বিচারপতি ইডিকে তার বক্তব্য হলফনামার আকারে জমা দিতে বলছেন। এই মামলায় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু জানিয়েছেন, ২ এপ্রিলের পর কোনও একদিন প্রতীক জৈনকে দিল্লির অফিসে তলব করা হতে পারে।