মালদহে অশান্তির জের, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক কমিশনের
দৈনিক স্টেটসম্যান | ০৩ এপ্রিল ২০২৬
এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, এডিজি (আইন-শৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। পাশাপাশি, সমস্ত জেলার নির্বাচনী আধিকারিক (ডিইও) ও পুলিশ সুপারদেরও ভার্চুয়ালি যুক্ত করা হয়েছিল, যাতে প্রত্যেক জেলার পরিস্থিতি সরাসরি খতিয়ে দেখা যায়।
প্রসঙ্গত, বুধবার মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, এসআইআর প্রক্রিয়ায় যুক্ত সাতজন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত আটকে রাখার অভিযোগ ওঠে। এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তা সুপ্রিম কোর্টের নজরে আনেন।
এরপরই বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে না-পারার জন্য ভর্ৎসনাও করা হয় রাজ্যকে। একইসঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মালদহের ঘটনার তদন্ত সিবিআই বা এনআইএ-র মতো স্বাধীন সংস্থাকে দিয়ে করাতে হবে।
শুধু তাই নয়, এসআইআর প্রক্রিয়ায় যুক্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকদের নিরাপত্তা জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের কর্মস্থল ও বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে তাঁদের পরিবারের জন্যও সুরক্ষার ব্যবস্থা করতে বলা হয়েছে। নিরাপত্তায় ঝুঁকি থাকলে তা খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া উত্তেজনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েই কমিশন ও রাজ্য প্রশাসনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।