• সস্তার ফ্লাইটের স্বপ্ন অধরা, ‘ফ্রি সিট’ নির্দেশ প্রত্যাহার বিমান মন্ত্রকের
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৬
  • ফ্লাইটের সিটের দামে ক্যাপিংয়ের প্রসঙ্গে আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল বিমান মন্ত্রক। এর আগে কেন্দ্র নির্দেশ দিয়েছিল, কোনও ফ্লাইটের ৬০ শতাংশ পর্যন্ত আসন বাছাইয়ের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ নেওয়া যাবে না। ওই নির্দেশের বিরোধিতা করেছিল একাধিক এয়ারলাইন্স। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এল বিমান মন্ত্রক।

    ১৭ মার্চ, বিমান মন্ত্রকের তরফে DGCA-কে বলা হয়েছিল এয়ারলাইন্সগুলিকে নির্দেশ দিতে, যাতে সেগুলি ফ্লাইটের ৬০ শতাংশ আসন বাছাইয়ের জন্য অতিরিক্ত ফি না নেয়। সাধারণ যাত্রীদের দামের ক্ষেত্রে সুরাহা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    কিন্তু ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং আকাশ এয়ার সরকারের কাছে এই সিদ্ধান্ত তুলে নেওয়ার আবেদন জানায়। তাদের দাবি ছিল, এই সিদ্ধান্ত কার্যকর হলে অপারেশনাল এবং বাণিজ্যিক ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ফ্লাইটের ভাড়ার কাঠামোর ক্ষেত্রেও প্রভাব পড়বে জানানো হয়। তারপরে বিমান মন্ত্রকের তরফে জানানো হয়, এই বিষয়ের উপরে আলোচনা প্রয়োজন। সেই কারণে ওই নির্দেশ আপাতত তুলে নেওয়া হলো।

    পিটিআই সূত্রের খবর, এখন ফ্লাইটের ২০ শতাংশ আসন ফ্রি সিট হিসাবে বুক করা যায়। বাকি আসনগুলির ক্ষেত্রে আসন বাছাইয়ের জন্য অতিরিক্ত চার্জ দিতে হয়। একাধিক বিষয়ের উপর এই চার্জ নির্ভর করে। সামনের সারির (ফ্রন্ট রো) আসন, পা রাখার জন্য অতিরিক্ত জায়গা (Extra leg room) আছে কি না, জানলার ধারের আসন ইত্যাদির ক্ষেত্রে অতিরিক্ত চার্জ নেওয়া হয়। সেই অঙ্কটা এক একটি আসনের ক্ষেত্রে এক একরকম হয়ে থাকে।

    এয়ারলাইন্সগুলির দাবি ছিল, যদি বেশি সংখ্যক আসন ফ্রি সিট হিসেবে রাখতে হয় তা হলে ক্ষতি সামলাতে ভাড়া বাড়াতে হবে। ২০ মার্চ বিষয়টি নিয়ে আবেদন জানানো হয়েছিল বিমান মন্ত্রকের কাছে।

  • Link to this news (এই সময়)