• ‘বিরোধীরা অন্য রাজ্যে অন্য নামে বেকার ভাতা চালু করবে’, দেবের নিশানায় বিজেপি
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৬
  • বিধানসভা ভোটের প্রচারে এসে এ বার দেবের মুখে যুবসাথীর কথা। ভোটের আগেই রাজ্যে বেকারদের জন্য যুবসাথী প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিস্তির টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকেও গিয়েছে। পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে প্রচারে এসে ওই প্রকল্পের প্রসঙ্গ তুলে বিরোধীদের খোঁচা দিলেন দেব।

    এ দিন দেব বলেন, ‘আমি নিশ্চিত, আমাদের বিরোধী দল অন্য রাজ্যে অন্য নাম দিয়ে বেকার ভাতা প্রকল্প চালু করবে।’ রাজ্যের অন্য প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেছেন দেব। তৃণমূল সরকারের প্রকল্প নকল করে অন্য রাজ্যে ভিন্ন নামে এই প্রকল্প চালু করা হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। দেব বলেন, ‘সবুজসাথী প্রকল্প দিদি নিয়ে এসেছেন। রূপশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প অন্য রাজ্যে নেই। শুধুমাত্র বাংলায় আছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র বাংলায় চালু হয়েছে। যাঁরা বলতো এই সব ভাঁওতাবাজি। এখন তাঁরা যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে চালু করছে তবে অন্য নাম দিয়ে।’

    প্রচারে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গও এনেছেন দেব। তাঁর কথায়, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি লোকসভায় লড়াই করেছি। আমি নিজেই ভাবতে পারিনি এই প্রকল্প হবে। কিন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অসম্ভবকে সম্ভব করেছেন। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। এর সঙ্গে তাঁর সংযোজন, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলই সরকার গড়বে। ২০২১-এর তুলনায় একটা হলেও বেশি আসন জিতবে তৃণমূল, দাবি দেবের।

  • Link to this news (এই সময়)