এই সময়: আর ঝটিতি সফর নয়। এ বার লোটা–কম্বল নিয়ে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!
ভোটের মুখে ১৫ দিন বাংলায় থাকবেন তিনি। এই পরিকল্পনার কথা বৃহস্পতিবার নিজেই দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে ঘোষণা করেছেন শাহ। এ দিন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে রোড–শো করেন তিনি। তার আগে হাজরা মোড়ের সভা থেকে তাঁর ঘোষণা, ‘পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তাই ১৫ দিন বাংলায় থাকব। আপনাদের সবার সঙ্গে তখন কথা বলার অনেক সুযোগ হবে।’ তাঁর এই সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বসিত বাংলার গেরুয়া ব্রিগেড। কিন্তু কবে থেকে তিনি বাংলায় ঘাঁটি গাড়বেন, কোথায় থাকবেন, সে সব এখনও স্পষ্ট নয়। তৃণমূল অবশ্য শাহের এই সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়েছে। সেই সঙ্গে তাদের খোঁচা, বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেও বাংলায় থাকুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী!
২০২১–এর বিধানসভা ভোটেও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। সেই সময়ে বাংলায় কার্যত ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কিন্তু সে বারও একটানা ১৫ দিন বাংলায় থাকেননি শাহ। এ বার বিজেপির পালে হাওয়া টানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ১৫ দিন বাংলায় থাকার সিদ্ধান্ত তাই যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল। শাহের এ দিনের ঘোষণার পরে বঙ্গ–বিজেপির একটি শিবিরের ব্যাখ্যা, বাংলায় রাজনৈতিক পালাবদলের ক্ষেত্র তৈরি হয়েছে বলেই শাহ নিজের বাংলার মাটি কামড়ে পড়ে থাকতে চাইছেন। দলের এক বর্ষীয়ান নেতার কথায়, ‘শুধু বাংলা নয়, তামিলনাড়ু, কেরালার মতো গুরুত্বপূর্ণ রাজ্যেও বিধানসভা ভোট হচ্ছে। কিন্তু অমিত শাহ বাংলা ছাড়া অন্য কোনও রাজ্যে ১৫ দিন পড়ে থাকার পরিকল্পনা করেছেন বলে শুনিনি। এর থেকেই স্পষ্ট, বাংলাই বিজেপির পাখির চোখ।’
২০১৭ থেকে বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতা–মন্ত্রীদের আনাগোনা বেড়েছে। এখানে এসে তাঁরা বারবার এই বার্তাই দিয়েছেন যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে ক্ষমতায় না আসা পর্যন্ত বিশ্রাম নেই মোদী–শাহদের। দ্রুত বাংলায় প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এলেও ক্ষমতা দখলের স্বপ্ন এখনও অধরা তাঁদের। কেন্দ্রীয় স্তরের এক পদ্ম নেতার কথায়, ‘এ বার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট অমিত শাহের কাছে প্রেস্টিজ ফাইট। বাংলা দখল করতে পারলে বিজেপির অন্দরে মোদী–শাহদের পায়ের তলার মাটি আরও শক্ত হবে। তাই শেষ মুহূর্তের ভোট প্রচারে ঝড় তুলতে এপ্রিলের মাঝামাঝি লোটা–কম্বল নিয়ে বাংলায় চলে আসার প্ল্যান করেছেন শাহ।’ দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ দিন বিভিন্ন জেলায় ঘুরে প্রার্থীদের সমর্থনে শুধু প্রচারই করবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিদিন বৈঠক করবেন জেলা এবং মণ্ডলস্তরের নেতা–কর্মীদের সঙ্গে। এ রাজ্যের এক প্রবীণ বিজেপি নেতার মন্তব্য, ‘গুজরাট ছাড়া অন্য কোনও রাজ্যের ভোট প্রক্রিয়ার সঙ্গে অমিত শাহকে এতটা আন্তরিক ভাবে মিশে যেতে দেখিনি। বাংলা ব্যতিক্রম।’
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য মনে করছে, শাহ বাংলায় ঘাঁটি গেড়েও বিধানসভা ভোটে বিজেপির পালে হাওয়া টানতে পারবে না। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর কথায়, ‘উনি ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকবেন বলেছেন। খুব ভালো কথা। ১৫ দিন কেন? একমাস থাকুন। ওঁকে স্বাগত। কিন্তু আমরা চাইব, শুধু ভোটের আগে নয়, ফল ঘোষণার পরেও অন্তত একদিন উনি রাজ্যে থাকুন।’