হালিশহর লালকুঠি বাস স্ট্যান্ড থেকে কলোনি বাজার পর্যন্ত জনসংযোগ করেছিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত করে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অভিযোগ দফায় দফায় প্রচারে বাধা দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়।
কালিয়াচকে বিচারকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১। মালদা আন্দোলনের মূল নেতা আইনজীবী মুফক্কর অল গ্রেপ্তার। বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
হরিয়ানার সোনিপত জেলার কুন্ডলিতে একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো পাঞ্জাবের কংগ্রেস নেতা খুশবাজ সিং জট্টানা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা কংগ্রেস নেতা খুশবাজ ও তাঁর চালকের। আহত নিরাপত্তারক্ষীও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
‘গুড ফ্রাইডে’ উপলক্ষে কলকাতায় মিশনারিজ অব চ্যারিটি-র মাদার টেরেসা হাউসে বিশেষ প্রার্থনায় অংশ নিলেন ভক্তরা।
জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভ্যালেসা অঞ্চলে ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর চিকিৎসাকর্মীরা রাজ্য সরকারের বিরুদ্ধে ৭২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন। গাণ্ডোহ সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালের বাইরে শুক্রবার সকাল থেকেই বিক্ষোভে সামিল। তাদের অভিযোগ, তাঁদের মাসিক বেতন থেকে ২.৫ দিনের সমপরিমাণ টাকা কেটে নেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনরত কর্মীদের এক জন জানান, ‘আমাদের নিয়মিত কর্মীদের ২.৫ দিনের বেতন ফেরত দিতে হবে। NHM-এর কর্মীরা কেন সমান বেতন পাচ্ছেন না? আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করছি, হয় আমাদের বেতন বাড়ানো হোক, নয়তো আমাদের স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হোক।’ এই ঘটনায় স্বাস্থ্য পরিষেবার ওপর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে দুর্গম এই অঞ্চলে যেখানে NHM কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রদেশের ছাতারপুর-এ অবস্থিত জনরাই টোরিয়া মন্দিরে উন্মোচন করা হল ৫১ ফুট উঁচু হনুমান মূর্তি। প্রায় ১৭১ কুইন্টাল অষ্টধাতু (আট ধরনের ধাতুর সংমিশ্রণ) দিয়ে তৈরি করা হয়েছে এই দেবমূর্তিটি। হনুমান জয়ন্তীতে এর উদ্বোধনের পর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং এটি এলাকার একটি নতুন আকর্ষণ হিসেবে উঠে এসেছে।