• 'সিগনেচার রোড' প্রতিশ্রুতি ভোটে, এত দিনে কী হলো
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৬
  • এই সময়, শিলিগুড়ি: ভোটের মুখে ঘুম ভেঙেছে পুরসভার! শিলিগুড়ির বিধান রোডে গোষ্ঠ পালের মূর্তি থেকে হাসমি চক পর্যন্ত রাস্তাটি শহরবাসীর কাছে বিভীষিকা। এ বার রাস্তাটির ওইটুকু অংশকে 'সিগনেচার রোড'-এ উন্নীত করতে চলেছে পুরসভা। 'সিগনেচার রোড' বলতে? পুরসভার ব্যাখ্যা, এমন মানের রাস্তা যেখানে মানুষ হেঁটে আনন্দ পাবেন। বিরোধীদের পাল্টা কটাক্ষ, মেয়র এবং শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব গত চার বছর ধরে কোনও কাজ করেননি। এখন ভোটের মুখে 'ললিপপ' দেওয়ার চেষ্টা করছেন।

    এমনিতে গোষ্ঠ পালের মূর্তি থেকে হাসমি চক পর্যন্ত রাস্তাটি নিয়ে অভিযোগের শেষ নেই। রঙিন টাইলস দিয়ে গোষ্ঠ পালের মূর্তির সামনের ফুটপাথ সাজানো হয়েছে। অভিযোগ, সেই ফুটপাথ চলে গিয়েছে টোটো চালক এবং হকারদের দখলে। গোষ্ঠ পালের মূর্তির পিছনেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণ। সারা বছর সেখানে বইমেলা, ফুলমেলা-সহ নানা ধরনের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। মূর্তি পেরিয়ে কয়েক কদম এগোলেই ফুটপাথের উপরে তৈরি হয়েছে সুলভ শৌচালয়। ওই শৌচালয়ের জন্য পথচারীদের বিধান রোড এড়িয়ে ফুটপাথ ধরে হাঁটার উপায় নেই। কেউ ওইটুকু পথ সামলে ফুটপাথ দিয়ে হাঁটতে চান, তা হলেও উপায় নেই। ফুটপাথের উপরেই জড়ো করা হয়েছে আবর্জনা। অভিযোগ, কিছু আবর্জন জড়ো করেন পুরকর্মীরা। বেলা বাড়ার পরে তাঁরা সেগুলি সরিয়ে নন। বাকি আবর্জনা জড়ো করেন কুড়ানিরা। সারা দিন ধরে তাঁদের কারবার চলে ওই ফুটপাথের উপরেই। অভিযোগ, ফুটপাথ আবর্জনা-মুক্ত করতে পুরসভা কোনও পদক্ষেপই করেনি।

    এখানেই শেষ নয়। হকার এবং টোটো চালকদের দৌরাত্ম্য তো রয়েইছে। স্টেডিয়ামের সামনে ফুটপাথের এমনই হাল যে হাঁটার উপায় নেই। কোথাও কংক্রিটের পাটাতন হেলে রয়েছে, কোথাও পাটাতনই নেই! কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঢোকার এটাই মূল প্রবেশ পথ। প্রায়ই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের টুর্নামেন্ট হয় এখানে। গোটা উত্তরবঙ্গ থেকে ক্রীড়প্রেমী এবং খেলোয়াড়রা এখানে আসেন। এর বাইরে বিধান রোড থেকে যাঁরাই কোর্ট মোড়, এনজেপি, কিংবা ডান দিকে হিলকার্ট রোডে যেতে চান, তাঁদের বিধান রোড ধরে হাসমি চক না-পৌঁছে উপায় নেই।

    প্রতিদিন গড়ে কয়েক হাজার লোক ওই ফুটপাথ ধরে হাঁটতে বাধ্য হন। শৌচালয় এড়িয়ে, দুর্গন্ধ পেরিয়ে ভাঙা ফুটপাথ দিয়ে পৌঁছতে হয় হাসমি চকে। রাস্তার অন্যপাশের হাল আরও শোচনীয়। সেখানে স্টেডিয়ামের সামনে থেকে ফুটপাথের অস্তিত্বই নেই। 'সিগনেচার রোড' হলে কি সমস্যার সমাধান হবে? মেয়র অবশ্য এ নিয়ে আশাবাদী। বলছেন, 'গোষ্ঠ পালের মূর্তির সামনে থেকে হাসমি চক পর্যন্ত গোটা রাস্তাটিকে টাইলস দিয়ে মুড়ে দেওয়া হবে। ফুটপাথেই লাগানো হবে বাহারি গাছ। নিকাশিনালা মেরামত করে ফুটপাথও শক্তপোক্ত করা হবে। ভোট ফুরোলেই কাজ শুরু হবে।'

    বিষয়টি নিয়ে মেয়রকে কটাক্ষ করেছেন বিদায়ী বিধায়ক এবং শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তাঁর কথায়, 'শিলিগুড়ির মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার অভ্যাস গৌতম দেবের আজকের নয়। কিন্তু গত চার বছরে উনি কী করেছেন সেটা শহরবাসী জানেন। এ বার ভোটেই মানুষ উত্তর দিয়ে দেবেন।'

  • Link to this news (এই সময়)