এই সময়, ইটাহার: ইটাহার বিধানসভায় প্রার্থী বদল করল সিপিআই। দলীয় প্রার্থী সুদীপ্ত দাসকে সরিয়ে উৎপল দাস-এর নাম বৃহস্পতিবার ঘোষণা করেন বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। 'শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ' হওয়ায় প্রার্থী বদল করা হয়েছে বলে শ্রীকুমার দাবি করলেও অস্বীকার করেছেন সুদীপ্ত। তাঁর অভিযোগ, 'দল টাকা চেয়েছিল। দিতে না পারায় সরানো হয়েছে।' এই ঘটনায় রীতিমতো অপমানিত বোধ করেছেন তিনি। সুদীপ্তর অভিযোগ ভিত্তিহীন দাবি করে বর্তমান প্রার্থী উৎপল বলেন, 'আমাদের দল কখনও টাকার বিনিময়ে প্রার্থী করে না।'
এ দিন সাংবাদিক বৈঠক ডেকে ইটাহারের প্রাক্তন বিধায়ক শ্রীকুমার প্রার্থী বদলের কথা ঘোষণা করেন। তিনি বলেন, 'শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ হওয়ায় সুদীপ্তকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্য ও জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' এর বাইরে আরও একটি কারণ জানিয়ে তাঁর সংযোজন, 'ইটাহার মেঘনাদ সাহা কলেজের অশিক্ষক কর্মী সুদীপ্ত। ভোট প্রচারের জন্য ছুটির আবেদন করলেও কলেজ কর্তৃপক্ষ তা মঞ্জুর করেননি। সেই কারণে দলের আর এক সক্রিয় কর্মীকে প্রার্থী করা হয়েছে।'
সুদীপ্ত পাল্টা অভিযোগ করে বলেন, 'আমার টাকার জোর নেই। জোর করে চাপ দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করা হয়েছে। আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ নই। মঙ্গলবার রায়গঞ্জে আমাকে ডেকে পাঠানো হয়। সেখানে জেলার নেতারা আমাকে চাপ দিয়ে প্রার্থীপদ প্রত্যাহারের কথা লিখিয়ে নেন।' সুদীপ্তর অভিযোগ ভিত্তিহীন দাবি করে বর্তমান প্রার্থী উৎপল বলেন, 'দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে পরিচয় করানো থেকে শুরু করে দেওয়াল লেখা, ফ্লেক্স তৈরি করা হয়েছিল। এখন তিনি যদি লিখিত ভাবে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থতার কথা বলেন, দল কী করবে?'