আজকাল ওয়েবডেস্ক: বুধ থেকে উত্তাল মালদহ। তথ্য, মালদহ কাণ্ডে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে আইনজীবী মোফাক্কারুল ইসলামকে। প্রতিবেদন লেখার সময়, সামনে এসেছে মোফাক্কারুলের একটি ফেসবুক লাইভ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'এসআইআর-এর নাম করে যেসব মুসলিম ভোটারদের ডিভোটার করা হয়েছে, বা ডিলিট করেছে যাঁদের নাম হয়নি, তাঁদের আন্দোলনের সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলন আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে বক্তব্য দেওয়ার কারণে, আমার জন্য কোনও জজ সাহেব আটকও ছিল না...'। মোফাক্কারুলের বক্তব্য, বিক্ষোভের মাঝে বক্তব্য দেওয়ার কারণেই গ্রেপ্তার করা হয় তাঁকে। মোফাক্কারুলের নামে বৃহস্পতিবারেই জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা।
অন্যদিকে মালদহ কাণ্ডে বৃহস্পতিবার সকালে শীর্ষ আদালত সাফ জানিয়েছিল, মালদহ কাণ্ডের তদন্তভার যাবে সিবিআই কিংবা এনআইএ-র হাতে। প্রাথমিকভাবে সিবিআই তদন্তের গুঞ্জন উঠলেও, বৃহস্পতির রাতে জানা যায়, মোথাবাড়ি কাণ্ডে হবে এনআইএ তদন্ত। এনআইএ টিম, আজই মোথাবাড়ি এবং কালিয়াচকে পৌঁছে যাবে, সূত্রের খবর তেমনটাই।
তথ্য, শুক্রবার সকালে এনআইএ টিম মালদার মোথাবাড়ি ও কালিয়াচক এর উদ্দেশে রওনা দেয় কলকাতা থেকে। ডিআইজি নেতৃত্বে আজ ঘটনাস্থলে যাচ্ছে এনআইএ টিম। প্রথমে ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালাবেন তাঁরা, সূত্রের খবর তেমনটাই। জানা গিয়েছে, অনুসন্ধানের পর প্রাথমিক অনুসন্ধান রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে।