• ১০ এপ্রিল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশের!
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
  • পাটনা: আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার। ওইদিনই বিহারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন জেডিইউ প্রধান। সব ঠিকঠাক থাকলে এপ্রিলের মাঝামাঝি নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। এমনটাই জানালেন নীতীশের দলের এক শীর্ষ নেতা। তাঁর কথায়, ‘রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিয়ে ফেরার পরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন নীতীশ। ইতিমধ্যে বিহার বিধান পরিষদ থেকে পদত্যাগ করেছেন তিনি। আগামী ৯ এপ্রিল দিল্লি যাচ্ছেন নীতীশ। উনি ইস্তফা দেওয়ার পরেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।’ সব ঠিকঠাক থাকলে প্রথমবার এই রাজ্যে মুখ্যমন্ত্রী পদে বসবেন পদ্ম শিবিরের নেতা। তবে নীতীশের উত্তরসূরীর নাম এখনও ঘোষণা করেনি মোদি ব্রিগেড। এবিষয়ে বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাই কমান্ড। সময়মতো নাম ঘোষণা করা হবে। নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।’ যদিও নতুন মুখ্যমন্ত্রীর কাজ মোটেও সহজ হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সামাজিক বিশ্লেষক অধ্যাপক এন কে চৌধুরীর কথায়, ‘প্রথম দিন থেকেই বিজেপির মুখ্যমন্ত্রীকে নীতীশ কুমারের সঙ্গে তুলনা করা হবে। এই শূন্যস্থান পূরণ করা খুব একটা সহজ হবে না।’
  • Link to this news (বর্তমান)