• মহিলা সংরক্ষণ বিল: ৩ সপ্তাহের মধ্যে বিশেষ অধিবেশন: রিজিজু
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: জল্পনাই সত্যি হল। চলতি মাসের তৃতীয় সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাশের চিন্তাভাবনা করছে সরকার। বৃহস্পতিবার সংসদে একথা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। প্রায় দু’বছর ধরে এই বিল পড়ে রয়েছে। এখন হঠাৎ এই বিল পাশের তৎপরতার দিনক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তাঁদের মতে, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ফায়দা তুলতেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। 

    বৃহস্পতিবারই শেষ হয়েছে সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন অনির্দিষ্ট কালের জন্য মুলতুবি করা হচ্ছে, নাকি কয়েকদিন পর আবার শুরু হবে, তা স্পষ্ট করার দাবি তোলেন রাজ্যসভায় কংগ্রেসের মুখ্য সচেতক জয়রাম রমেশ। বিরোধীদের তোলা রাজনৈতিক সুবিধার অভিযোগ খারিজ করে রিজিজু বলেন, ‘আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সংসদে খুব গুরুত্বপূর্ণ একটি বিল পেশ করা হবে। নির্দিষ্ট সময়ের জন্য খুব শীঘ্রই আবার আমরা মিলিত হব। আইন সভায় মহিলাদের আসন সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে।’
  • Link to this news (বর্তমান)