বুলডোজার নিয়ে মনোনয়ন পেশ বিজেপি প্রার্থীর, বিতর্ক, সঙ্গী মন্ত্রী সুকান্ত • শুরু রাজনৈতিক তরজা
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
সোমেন পাল, গঙ্গারামপুর: বিজেপির মনোনয়ন-মিছিলে বুলডোজার! যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে গঙ্গারামপুরে। বুনিয়াদপুর শহরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা অফিসে বৃহস্পতিবার নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থীরা। মিছিলে দুটি বুলডোজার নিয়ে আসে বিজেপি নেতৃত্ব। বুলডোজার দেখে অবাক হয়ে যান অনেকে। বিজেপির মিছিলে বুলডোজার কেন? তা নিয়েও রাজনৈতিক তরজা শুরু হয়েছে। গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের অভিযোগ, বুলডোজার দেখিয়ে বিজেপি আসলে উত্তরপ্রদেশ মডেলের ইঙ্গিত দিচ্ছে। ক্ষমতায় এলে সাধারণ মানুষের উপর এভাবেই দমনপীড়ন চালাবে বিজেপি। যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে পদ্মপার্টি।
এদিন হরিরামপুর ও কুশমণ্ডির বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার ও তাপস চন্দ্র রায়ের সমর্থনে বুনিয়াদপুর সরাইহাট থেকে বিডিও অফিস মোড় পর্যন্ত মিছিল করেন দলের কর্মী-সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিলের মাঝে দুটি বুলডোজারে চড়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। তৃণমূলের প্রশ্ন, মিছিলে বুলডোজার কেন? হরিরামপুরের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলেন, বিজেপি তাদের মিছিলে উত্তরপ্রদেশের বুলডোজার মডেল দেখাচ্ছে। মানুষ এর জবাব ভোটবাক্সে দেবে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত বলেন,হরিরামপুরে তৃণমূলের দুষ্টু প্রার্থী রয়েছে। তাই সেখানে বুলডোজার রাখা হয়েছে।
এদিন বিজেপির পাশাপাশি তৃণমূল প্রার্থীও মনোনয়ন জমা দেন। বিপ্লবের সমর্থনে তৃণমূল কর্মী সমর্থকেরা বুনিয়াদপুর সুকান্ত ভবন এলাকায় জমায়েত হন। সেসময় বিজেপির মিছিল ৫১২ নং জাতীয় সড়ক পরিক্রমা করছিল। অভিযোগ,তখন সুকান্তকে লক্ষ্য করে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দেন। পালটা বিজেপির তরফে জয় শ্রীরাম স্লোগান চলতে থাকে। স্লোগান পালটা স্লোগানে দুই দলের কর্মীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। যদিও ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থেকে পরিস্থিতি মোকাবিলা করে।
তৃণমূল প্রার্থী বিপ্লব হুডখোলা গাড়িতে চড়ে বুনিয়াদপুর শহরজুড়ে শক্তি প্রদর্শন করেন। ঢাক-শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে ওঠে এলাকা।