‘আমিই আসল প্রার্থী!’ দাবি কৌশিক, ডালিমের! ময়নাগুড়িতে ধন্দে বিজেপি কর্মীরা
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি: পদ্ম শিবিরে যত কাণ্ড ময়নাগুড়িতে! প্রথমে বিজেপির প্রার্থী হিসাবে দলের বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম ঘোষণা। তারপর তাঁর কাছ থেকে আচমকা টিকিট কেড়ে নিয়ে ডালিম রায়কে দলের প্রার্থী করা। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে ফের ঘটনা পরম্পরায় নাটকীয় মোড়।
বৃহস্পতিবার দুপুরে কলকাতা থেকে ফিরে কৌশিকের দাবি, ময়নাগুড়িতে আমিই বিজেপির প্রার্থী! হুসলুরডাঙায় নিজের বাড়িতে বসে তিনি যখন এমন দাবি করছেন, তখন স্থানীয় রাজারহাট এলাকায় বিজেপি প্রার্থী হিসাবে প্রচার চালাতে দেখা গেল ডালিম রায়কে। কৌশিককে নিয়ে প্রশ্ন করতেই তাঁর সটান জবাব, কে, কোথায় কী দাবি করছেন, সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই। আমি দলের প্রতীক পেয়েছি। ৪ এপ্রিল মনোনয়ন জমা দেব।
ডালিমকে নিয়ে প্রশ্নের জবাব দিতে না চাইলেও কৌশিকের মন্তব্য, ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী হিসাবে আমার নামই ঘোষণা হয়েছে। ৪ তারিখ নমিনেশন জমা দিচ্ছি। সেখানে দলের কেন্দ্রীয় নেতৃত্বও থাকবে।
কৌশিকের মুখে যখন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের কথা শোনা যাচ্ছে, তখন ডালিমের পাশে দাঁড়িয়েছেন বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়। তিনি বলেন, ডালিম রায়কে দলের তরফে প্রতীক পাঠিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বিজেপির রাজ্য কমিটির পক্ষ থেকে দলের জেলা সভাপতি হিসাবে আমাকে যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে ডালিমের নাম রয়েছে। এর বাইরে কে, কী বলছেন তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কৌশিককে নিশানা করে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর তোপ, পাগলে কী না বলে।
পদ্ম পার্টিতে প্রার্থী নিয়ে কোন্দল প্রসঙ্গে তৃণমূলের ময়নাগুড়ি টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেনের কটাক্ষ, ময়নাগুড়ির মানুষ বিনা পয়সায় সার্কাস দেখছে। আর তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক ঝুলন সান্যালের মন্তব্য, ময়নাগুড়িতে বিজেপি এখন হাসির খোরাক।
এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় ভিকট্রি সাইন দিয়ে ছবি পোস্ট করেন কৌশিক। এরপরই রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়। কিছুক্ষণের মধ্যে কৌশিকের বাড়ির সামনে অনুগামীদের ভিড় জমে। বাড়িতে বরণডালা সাজাতে ব্যস্ত হয়ে পড়েন স্ত্রী সোনি। দুপুরে কলকাতা থেকে ফিরতেই কৌশিককে বরণ করে নেওয়া হয়। ফাটানো হয় বাজি। মা ননীবালা রায়কে প্রণাম করে কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন বিজেপির বিদায়ী বিধায়ক। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ধর্মের প্রতিষ্ঠা হয়েছে। ময়নাগুড়িতে আমিই বিজেপির প্রার্থী।