উসকানি! গ্রেপ্তার খোদ আইএসএফ প্রার্থী সহ ১৮ জন, মালদহের উত্তাপ গোটা উত্তরবঙ্গে
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভোটার তালিকা থেকে লাগাতার নাম বাদ পড়াকে কেন্দ্র করে মালদহের মোথাবাড়িতে অশান্তি ছড়ানো ও উসকানি দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করল পুলিশ। তার মধ্যে রয়েছেন ওই বিধানসভার আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলিও। বৃহস্পতিবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেপাজত হয়েছে। তবে বিক্ষোভের আঁচ এতটুকু স্তিমিত হয়নি। বরং মালদহ থেকে বিক্ষোভ-অবরোধ ছড়িয়ে পড়েছে গোটা উত্তরবঙ্গে। ইংলিশবাজারের যদুপুরে এদিন বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হয় পুলিশও। ঢিল ছোড়া হয় পুলিশের গাড়িতে। কাচ ভেঙে চালকের মাথায় ঢিল লেগে তিনি আহত হয়েছেন। মঙ্গলবাড়ির গ্রামীণ এলাকাতেও এদিন বিক্ষোভ দেখান বাদ পড়া ভোটাররা। বুধবারের ঘটনার জেরে এদিনও থমথমে ছিল মোথাবাড়ির বিডিও অফিস ও সংলগ্ন এলাকা। এসআইআরের কাজই হয়নি। নাম বাদ পড়া ঘিরে প্রবল বিক্ষোভ হয় পুরাতন মালদহ, মানিকচক সহ বিভিন্ন এলাকায়। হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান প্রচুর মানুষ।
বুধবার সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং মোথাবাড়িতে অবরোধের জেরে এসআইআরের কাজে যুক্ত সাত বিচারকের আটকে পড়ার ঘটনা। উত্তাল হয়ে উঠেছে বাংলা থেকে দিল্লি। নড়েচড়ে বসেছে পুলিশ। তারপরই অশান্তিতে মদত দেওয়ার অভিযোগে মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান সহ ১৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে অশান্তি তৈরির অভিযোগে কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। শাহজাহান বলেন, ‘অগণতান্ত্রিক কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে।’
এসআইআর ইস্যু নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেও টানা ৪ ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়কের পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রামীণ এলাকা অবরোধ করে বিক্ষোভ দেখান ভুক্তভোগী ভোটাররা। তাঁদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে গেলে উত্তর দিতে পারছে না। পুরাতন মালদহের বিডিও অনীক রায় গ্রামবাসীদের সঙ্গে কথা বললেও সন্তুষ্ট হননি তাঁরা। পরবর্তীতে অতিরিক্ত জেলাশাসক শেখ আনসার আহমেদ হাতজোড় করে খতিয়ে দেখার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। একই পরিস্থিতি তৈরি হয় মানিকচকেও। উগরিটোলা গ্রামের ১২৬ ও ১২৭ নম্বর বুথে প্রায় আড়াইশো ভোটারের নাম বাদ যাওয়ার প্রতিবাদে এদিন সকালে মালদহ-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক বাসিন্দা। কোচবিহারের শীতলকুচিতেও ভোটাধিকার রক্ষা কমিটির ব্যানারে মাথাভাঙা-সিতাই রাজ্য সড়কের চৌপথিতে বিক্ষোভে বসেন ডিলিটেড ভোটাররা। কমিটির সম্পাদক আহারুল হক বলেন, ‘গ্রামের মানুষ কী করবে বুঝে উঠতে পারছে না। তাই বিক্ষোভ হচ্ছে।’ এছাড়া মাথাভাঙা-শিলিগুড়ি রাজ্য সড়ক এবং জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের আব্দুল মোড়ে লাটাগুড়িগামী সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।