• বাঁকুড়ায় বিজেপি ও সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার বাঁকুড়া সদর মহকুমার পাঁচটি বিধানসভার বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দেন। এদিন মনোনয়নপত্র জমার দেওয়ার সময় দলের প্রার্থীদের সঙ্গে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব উপস্থিত ছিলেন। এদিন বাঁকুড়া কেন্দ্রে নীলাদ্রিশেখর দানা, ছাতনায় সত্যনারায়ণ মুখোপাধ্যায়, শালতোড়ায় চন্দনা বাউরি, বড়জোড়ায় বিল্বেশ্বর সিনহা ও ওন্দা আসনের জন্য অমরনাথ শাখা মনোনয়নপত্র জমা দেন। এদিন মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপি নেতাকর্মীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ে। বিভিন্ন বিধানসভা এলাকা থেকে ছোট গাড়ি ভাড়া করে বিজেপি কর্মীরা বাঁকুড়া শহরে জড়ো হন। শহরের হিন্দু স্কুল থেকে বিজেপি নেতাকর্মীরা মিছিল করে তামলিবাঁধ পর্যন্ত যান। সেখানে পথসভা হয়। ওই সভায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। 

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, তৃণমূল শাসনে এরাজ্য দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দেশের মধ্যে বাংলা পিছিয়ে পড়েছে। তৃণমূলের বিদায় আসন্ন। রাজ্যের উন্নতির জন্য বিজেপি সরকার এখানে দরকার।

    বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি কি মোহনবাবু ভুলে গেলেন? বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে দুর্নীতি ও স্বজনপোষণ নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ফলে দুর্নীতি নিয়ে বিজেপি যত কম বলে ততই ভাল। ওদের কথা বাংলার মানুষ শুনবে না। বিজেপি যতই ভিনরাজ্য থেকে লোক আনুক, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পা রাখবেন।

    বিজেপির পাশাপাশি এদিন বাঁকুড়া সদর মহকুমার পাঁচ বাম প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন। এদিন তাঁরা দলের নেতাকর্মীদের নিয়ে জেলা কালেক্টরেট চত্বরে যান। সিপিএম বাঁকুড়া, শালতোড়া ও বড়জোড়ায় প্রার্থী দিয়েছে। আরএসপি ছাতনায় ও ফরওয়ার্ড ব্লক ওন্দায় লড়াই করছে। বাঁকুড়ায় অভয়ানন্দ মুখোপাধ্যায়, বড়জোড়ায় সুজিত চক্রবর্তী, শালতোড়ায় নন্দদুলাল বাউরি, ছাতনায় রাজীবলোচন কর এবং ওন্দায় অসিত শর্মা মনোনয়নপত্র জমা দেন। সিপিএমের রাজ্য কমিটির সদস্য অজিত পতি বলেন, আমরা এদিন মনোনয়ন পেশ করেছি। প্রার্থীরা ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন।  
  • Link to this news (বর্তমান)