দুর্গাপুরে মনোনয়ন পর্বে তৃণমূল বিজেপির স্লোগান যুদ্ধ
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, দুর্গাপুর: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে সেই উত্তাপেরই প্রতিফলন দেখা গেল, যেখানে তৃণমূল ও বিজেপি কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগান ও ধস্তাধস্তিতে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। ভিড় সামাল দিতে গিয়ে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। এদিন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, পশ্চিমের কবি দত্ত এবং রানিগঞ্জের প্রার্থী কালোবরণ মণ্ডল মনোনয়ন জমা দিতে আসেন। কিছুক্ষণ পর দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অল্পসংখ্যক সমর্থক নিয়ে দপ্তরে পৌঁছন। সেই সময় তৃণমূল কর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে ঘিরে উত্তেজনা তৈরি হয়, যার জবাবে বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন।
মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমএএমসি বি-টু মোড় থেকে বিজেপির একটি মিছিল মহকুমা শাসকের দপ্তরের দিকে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে। অভিযোগ, সেই ব্যারিকেড সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গেলে এক পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়ার অভিযোগও ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।
ঘটনার পর বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা খাইয়ে জয় বাংলা বলাচ্ছে তৃণমূল। পুলিশ উর্দি ছেড়ে তৃণমূলের চাটুকারিতা করছে। নির্বাচন কমিশনকে এই বিষয়ে অভিযোগ জানাব। তিনি দুর্গাপুর থানার ওসি ও ডিসি পূর্ব অভিষেক গুপ্তার বদলির দাবিও তোলেন।
বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের বক্তব্য, মা মাটি মানুষ আজ অতীত, বাংলাটাকেই বেচে দিয়েছে। তাই বাংলা খেয়ে জয় বাংলা বলছে।
অন্যদিকে তৃণমূল শিবির অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির বিরুদ্ধেই অশান্তি তৈরির অভিযোগ তোলে। প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার বলেন, জয় বাংলা’ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, কাউকে শিখিয়ে দিতে হয় না। পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলেন, এটা অনেকটা ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের মতো উসকানি দেওয়ার কৌশল।
পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের কথায়, নির্বাচন কমিশন ওদের, ওরা ইডি-সিবিআই দিয়ে চমকাচ্ছে, এগুলো ক্ষমতার অপব্যবহার। আমরা চাই সুস্থ সুন্দরভাবে থাকতে আর দুর্গাপুর কে ভালো রাখতে। পদ্ম প্রার্থীর মনোনয়ন জমা করতে আসার পর দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল আইনজীবী সেলের অস্থায়ী ছাউনিতে জয়বাংলা স্লোগান তৃণমূল কর্মীর।