• বিজেপির টাকায় মসজিদ রাজনীতি করছে গদ্দাররা, মুর্শিদাবাদবাসীকে সতর্ক করলেন মমতা
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
  • অভিষেক পাল, সাগরদিঘি:  নাম না করে হুমায়ুন কবীর সম্পর্কে মুর্শিদাবাদ জেলাবাসীকে সতর্ক করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়। নিশানায় রাখলেন হায়দরাবাদের এক নেতাকেও। দু’জনকে কটাক্ষ করলেন এই বলে, ‘একজন হাঁদা। অন্যজন ভোঁদা।’ 

    বৃহস্পতিবার সাগরদিঘি ও সুতিতে নির্বাচনী জনসভা ছিল মুখ্যমন্ত্রীর। দু’টি সভা থেকেই ‘জনতা উন্নয়ন পার্টি’-এর শীর্ষনেতা হুমায়ুন কিংবা ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নাম মুখে না এনে আক্রমণ আক্রমণ শানিয়েছেন তিনি। বলেছেন, ‘দিল্লি থেকে টাকা খেয়ে কোনও কোনও গদ্দার নির্বাচনের আগে মসজিদের রাজনীতি করছে। মসজিদের নাম করে ভোট চাইছে। তিনি আবার হায়দরাবাদ থেকে এক নেতাকে এনেছেন। হায়দরাবাদের নেতাটি হাঁদা। আর এখানকার নেতাটি ভোঁদা। দু’জনেই আপনাদের উস্কাচ্ছে। ওদের  পরিকল্পনা বুঝতে পারছেন না?’ 

    পরে সেই ‘পরিকল্পনা’র ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, ‘হায়দরাবাদ থেকে কেউ একজন উড়ে এল। আর বিজেপি এখানকার একটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল। আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করাল। বিচারকদের ঘেরাও করাল। ফলাফল কী হল? বিজেপির টাকায় যাঁরা এসেছেন, তাঁরাই আপনাদের ফাঁসিয়ে দিচ্ছেন। অথচ, যখন এসআইআর করে আপনার নাম কাটছিল, তখন এই হায়দরাবাদের নেতা কোথায় ছিলেন? নাকি কংগ্রেস ছিল আপনাদের পাশে?’ একই সঙ্গে তাঁর সংযোজন, এমনকিছু করবেন না যাতে সিবিআই বা এনআইএ আপনাদেরকে গ্রেপ্তার করে নিতে পারে। ভোটাধিকার কেড়েছে। এবার যে টুকু আছে সেটাও কেড়ে নেবে।’ 

    ভোটকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ নিয়েও এদিন সরব হন মমতা। তিনি বলেন, ‘একটা জায়গায় দশটা মসজিদ করুন, আমার আপত্তি নেই। কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে যারা মসজিদ করে তাঁরা আসলে ছলনা করছেন। বুকের পাটা থাকলে ইউপিতে গিয়ে করুন। আসলে বাংলাকে অসম্মান করছে এই গদ্দাররা। আর সেটা করলে আমার তো গায়ে লাগবেই।’ তিনি বলেন, বিজেপির টাকায় আসলে ওরা ভোট ভাগ করতে এসেছে। বিহারে ভোট ভাগ করে বিজেপিকে জিতিয়েছে। যদি আপনারা মনে করেন, ভোট কাটাকাটি ও ভোট ভাগাভাগি করবেন, তাহলে আগামী দিনে আপনাদের ঠিকানা আর থাকবে না। আশ্রয় থাকবে না। বাংলাকে শেষ করে দেবে বিজেপি।’ 

    এদিন মালদহ কাণ্ড নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের ক্ষোভ বা দুঃখ থাকতে পারে। অনেকেরই ভোটার তালিকা থেকে নাম কেটেছে। তবে, আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ। আপনারা জাজেদের কাছে যাবেন না। বিজেপি জানে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এসব জায়গা থেকে নাম কাটলে ওদের সুবিধা হবে। বিজেপির প্ল্যানই বল দাঙ্গা করা। আমার অনুরোধ, কেউ জড়িয়ে পড়বেন না। আমার হাত থেকে সব কেড়ে নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে দেওয়া হচ্ছে।’ এরই পাশাপাশি কাজী নজরুল ইসলামের ‘একবৃন্তে দু’টি কুসুম’ মনে করাতে হিন্দু-মুসলিম ঐক্যের উপর জোর দেন মমতা। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই।’ 
  • Link to this news (বর্তমান)