• বাংলায় অশান্তির চক্রান্ত: মমতা, হারবে বুঝেই ভোট বানচালের প্ল্যান করেছে বিজেপি, তোপ শাহকে
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
  • অভিষেক পাল ও সন্দীপন দত্ত: সাগরদিঘি ও বৈষ্ণবনগর: বাংলায় অশান্তির চক্রান্ত হচ্ছে। আর সবটাই গেরুয়া মদতে। এই ভাষাতেই ‘বিজেপি-কমিশনের আঁতাত’কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল মুর্শিদাবাদ ও মালদহের বৈষ্ণবনগরের নির্বাচনি জনসভা—আর দুই মঞ্চেই বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। বাংলার মানুষকে সাক্ষী রেখে তাঁর সাফ কথা, ‘অশান্তি বাঁধিয়ে ভোট বিভাজনের প্ল্যান করেছে ওরা। এই প্ররোচনায় পা দেবেন না।’

    বুধবার রাত থেকেই খবরের শিরোনামে উঠে এসেছে মালদহে বিচারকদের ঘেরাও। অনভিপ্রেত ওই ঘটনায় মুখ্যমন্ত্রী নিজেও যে প্রবল ক্ষুব্ধ, তা তিনি গোপন করেননি। নিন্দা করেছেন। সাধারণ মানুষকে সতর্কও। তাঁর কথায়, ‘এসআইআরের সাপ্লিমেন্টারি লিস্টে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তার মধ্যে একটি সম্প্রদায়ের নাম বেশি বাদ গিয়েছে। ফলে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ক্ষোভ-বিক্ষোভ হচ্ছে। গোটাটাই একটা চক্রান্ত। বিজেপির প্ল্যান দাঙ্গা বাঁধানো। কেউ তাতে জড়াবেন না। ওরা ভোট বানচাল করতে চাইছে।’ মমতার হুংকার, ‘কমিশনকে দিয়ে আধিকারিকদের বদলি করার চক্রান্ত করেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে অমিত শাহ নিজেকে বিশাল ক্ষমতাশালী মনে করছেন! উনি স্বৈরাচারী, অত্যাচারী। চক্রান্তের ব্লু-প্রিন্ট তৈরি করছেন। এই বিজেপি যদি থাকে, বাংলা থাকবে না। তাই বাংলার স্বার্থে এবার তৃণমূলকে ভোট দিন।’

    এসআইআরের লাইন, অনুপ্রবেশকারী হিসাবে দেগে দেওয়া, ভিনরাজ্যে বাংলা বললে হত্যা—এই ‘ষড়যন্ত্রে’র বৃত্ত সম্পূর্ণ করার জন্য মমতা সরাসরি দায় চাপিয়েছেন অমিত শাহের উপর। তাঁর বিস্ফোরণ, ‘কেমন স্বরাষ্ট্রমন্ত্রী? বর্ডার সামলাতে পারে না! দেশটাকেও সামলাতে পারে না। শুধু বিজেপি করতে গিয়ে দেশটার সর্বনাশ করে দিয়েছে। এর আগে নোটবন্দি করেছে। এখন ভোটবন্দি করছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। শাহের পদত্যাগের দাবি জানাই।’ 

    সবদিক থেকে বিজেপি কীভাবে চক্রান্ত করছে, তৃণমূলনেত্রী তা একে একে মানুষের সামনে তুলে ধরেন। অমিত শাহ-নরেন্দ্র মোদির জুটিকে শেষ করার ডাক দেন তিনি। বলেন, ‘মোদি ও শাহকে রাজনৈতিকভাবে শেষ করতে না পারলে এরা দেশটাকে শেষ করে দেবে। মানুষকে শেষ করে দেবে। গোটা বাংলাকে শেষ করে দেবে।’ মালদহে বিচারকদের ঘেরাওয়ে ঘটনায় বিজেপি ও কংগ্রেসের যোগ আছে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ‘যে কংগ্রেস বদনাম করেছে মালদহে, তাদের ক্ষমা করব না। এর পিছনে অমিত শাহ আছে। তাকেও ক্ষমা করব না। আজ কমিশনের হাতে সমস্ত আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব। আমাদের সবাইকে চেঞ্জ করে দিয়েছে। তাই এমন হয়েছে।’ কমিশনকে একহাত নিয়ে মমতার হুঁশিয়ারি, ‘আপনি যখন হোম মিনিস্টারের কথায় সব করছেন, আমার হাত থেকে আইন-শৃঙ্খলা কেড়ে নিয়েছেন... তখন আপনাদেরই দায়িত্ব পরিস্থিতি শান্ত রাখা। বাংলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ। আপনারা দাঙ্গা করে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন। আপনাদের পরিকল্পনা হল, ভোট বাতিল করে যেনতেন রাষ্ট্রপতি শাসন জারি। একটা ঘটনাকে সামনে রেখে গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা খারাপ বলে প্রচার করছে। এর জবাব আপনাদেরই দিতে হবে।’ মানুষকে তাঁর উপর আস্থা রাখার আবেদন জানান মমতা। বলেন, ‘মাথার উপর আমি আছি। ভরসা রাখুন।’ উপস্থিত জনতার বিপুল জনগর্জন বুঝিয়ে দেয়, তৃণমূল সুপ্রিমোর উপরই তাঁদের আস্থা অটুট রয়েছে। 
  • Link to this news (বর্তমান)