প্লেসমেন্ট সেল ভেঙে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় নানা বিতর্কের মধ্যেই বিভিন্ন র্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা ধরে রাখতে পেরেছে। পাশাপাশি, প্লেসমেন্টেও ভালো ফল করেছেন ছাত্রছাত্রীরা। ছাত্রমৃত্যু, বিশৃঙ্খলা, অর্থসংকটের মতো নানা অপ্রাপ্তির মধ্যেও এগুলি ইতিবাচক দিক যাদবপুরের। তবে, এবার সেই প্লেসমেন্ট সেলই ভেঙে দিতে বাধ্য হলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ! শীর্ষকর্তাদের বক্তব্য, যোগাযোগ এবং সমন্বয়ের অভাব হচ্ছিল। তাছাড়া ছাত্রদের একাংশও আপত্তি তুলছিলেন। তাই আপাতত সেল ভেঙে দেওয়া হল। ফের নতুন করে তা গঠন করা হবে। প্রসঙ্গত, সমস্ত ফ্যাকাল্টির অধ্যাপকদের নিয়ে এই সেল গঠন করেছিলেন উপাচার্যই। সূত্রের খবর, একাধিক বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাশ করেও সেসব লুকিয়ে কিছু বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছিলেন কিছু পড়ুয়া। সেগুলি সামনে আসার পরে অভিযোগ ওঠে প্লেসমেন্ট সেলের দিকে। ছাত্রদের চাকরি তো বাতিল হয়ই, ভবিষ্যতে চাকরি পাওয়া নিয়েও সংশয় তৈরি হয়। এ নিয়ে কড়া হতেই ছাত্রদের একাংশ সেলের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। খর্ব করা হয় চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের কর্তৃত্ব। কার্যত ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসারের (টিপিও) ক্ষমতা চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের বেশি ছিল। তাই চেয়ারম্যান এবং সদস্যরা পদত্যাগ করতে যান। তারপরেই উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য প্লেসমেন্ট সেল ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই বিষয়ে প্রতিক্রিয়া চাওয়ার জন্য ফোন করা হয়েছিল টিপিও শমিতা ভট্টাচার্যকেও। তবে, তিনি ফোন তোলেননি। মূলত ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ছাত্রদের চাপেই সেল ভেঙে দেওয়া হয়েছে। বিজ্ঞান এবং আর্টস ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা এই ঘটনায় বেশ ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পড়ুয়ার অসৎ পদক্ষেপের জন্য তাঁদের ভুগতে হবে।