নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আব কী বার ২০০ পার—বঙ্গদখলের সেই আগাম আস্ফালন উধাও। অতীত থেকে শিক্ষা নিয়ে আসন্ন ভোটে ১৭০টি আসন দখলের নয়া উপাখ্যান শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দলীয় প্রার্থীদের মনোনয়ন পর্বে হাজির থাকতে শহরে এসেছিলেন তিনি। রোড-শো করে সার্ভে বিল্ডিংয়ে পৌঁছনোর আগে বেলা ১২টা নাগাদ হাজরা মোড়ে বিজেপির মঞ্চ থেকে ভাষণ শুরু করেন শাহ। পশ্চিমবঙ্গ দখল করতে ২০২১ সালে বঙ্গ বিজেপিকে ২০০ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। যদিও ফলপ্রকাশের পর সেই স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। পাঁচবছর পর নিজেই গতবারের দেওয়া টার্গেট এক ঝটকায় কমিয়ে দিলেন। শোনালেন জয়ের নতুন লক্ষ্যমাত্রা। হাজরার সভা থেকে অমিত শাহ বলেন, একটা একটা করে আসন জিতে আমরা ১৭০টি আসনে পৌঁছব। উল্লেখ্য, চলতি নির্বাচন পর্বে বিভিন্ন সময়ে ‘গুজরাতি মোটাভাই’কে বিজেপির আসন প্রাপ্তি নিয়ে বহুবার প্রশ্ন করা হয়েছে। প্রতিক্ষেত্রেই তিনি সুনির্দিষ্ট সংখ্যাতত্ত্ব এড়িয়ে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাবধানী মন্তব্য, সরকার গড়তে নিরষ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। বাংলায় প্রথম দফার ভোটের ২০ দিন আগে ২০০ আসন জয়ের হুঙ্কার থেকে সরে গিয়ে বঙ্গ বিজেপির লক্ষ্য হ্রাস করে দেওয়ায় হতাশা নেতা-কর্মীরা। তাঁদের দাবি, মূল সেনাপতি তৃণমূলনেত্রীর গড়ে দাঁড়িয়ে যেভাবে বিজেপির সম্ভাব্য আসন কমিয়ে দিলেন, তাতে উৎসাহ কমবে।
ভাষণ শেষে গাড়িতে করে হাজরা মোড় থেকে শাহের ‘রথ’ সার্ভে বিল্ডিংয়ের দিকে এগতে শুরু করে। তাঁর গাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে আসতেই শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। রোড-শো চলাকালীন কালো পতাকা হাতে তৃণমূল কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পুরুষ-মহিলা নির্বিশেষে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে কালীঘাট এলাকা। পালটা বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস চোখে পড়ে। দু’পক্ষই একে অপরের দিকে জুতো দেখায়। চরম উত্তেজনা তৈরি হয়। বচসা ও সামান্য হাতাহাতি কিছুই বাদ যায়নি। উত্তপ্ত জনতাকে সামলাতে রীতিমত বেগ পেতে হয় পুলিসকে। এই ঘটনার পরই অমিত শাহের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তাঁকে ‘রথ’ থেকে নামিয়ে গাড়িতে চাপিয়ে বেরিয়ে যায়। গাড়িতেই শাহ সার্ভে বিল্ডিংয়ে পৌঁছান। সেখানে দলীয় প্রার্থীদের মনোনয়ন পর্বে
সাক্ষী থাকেন। পরে সেখান থেকে বেরিয়ে সোজা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে অসমের উদ্দেশ্যে রওনা দেন তিনি।