• কড়া নিরাপত্তায় দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা শুরু জেলায় জেলায়
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দ্বিতীয় তথা শেষ দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়া শুরু হল বৃহস্পতিবার থেকে। সব জায়গায় কিছু কিছু প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। কঠোর নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। 

    প্রথম দিন দক্ষিণ ২৪ পরগনায় বিভিন্ন দল মিলিয়ে ২৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিলেন বিভিন্ন মহকুমায় অফিসের রিটার্নিং অফিসারদের কাছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তিনি প্রথমবার বিধানসভা ভোটে লড়ছেন। এদিন তিনি বর্তমান বিধায়ক ও অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ডায়মন্ডহারবার মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন। এছাড়াও প্রায় সব মহকুমায় এসইউসির প্রার্থীরা মনোনয়ন জমা দেন। বারুইপুর, ডায়মন্ডহারবার, কাকদ্বীপে মিছিল করে এসে এই প্রক্রিয়া সম্পন্ন করেন প্রার্থীরা। কাকদ্বীপ, সাগর ও পাথরপ্রতিমার সিপিএম প্রার্থীরাও জমা দেন তাঁদের মনোনয়ন। উত্তর ২৪ পরগনার বারাকপুরের প্রশাসনিক ভবনে শুধু এসইউসি প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। তিনজন এসইউসি প্রার্থী মনোনয়ন জমা করেছেন বিধাননগর মহকুমা শাসকের অফিসে। দুপুরে উলুবেড়িয়া মহকুমা শাসকের কার্যালয়ে এসইউসি’র চারজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। বনগাঁয় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন বনগাঁ উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তৃণমূল কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মহকুমা শাসকের কার্যালয়ে যান তৃণমূল প্রার্থী। এসইউসি’র পক্ষ থেকেও সেখানে মনোনয়ন জমা দেন একজন প্রার্থী। বারাসতে জেলাশাসকের দপ্তরে এসে নমিনেশন জমা দেন হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল। এছাড়া হাবড়া, অশোকনগর, আমডাঙা ও বারাসত কেন্দ্রের চারজন এসইউসি’র প্রার্থী নমিনেশন জমা দিয়েছেন বারাসতে। এদিনই বেশ কয়েকটি কেন্দ্রের এসইউসিআই প্রার্থীরাও মনোনয়ন জমা করেন। কাশীপুর বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, মানিকতলা, বেলেঘাটা, এন্টালি, চৌরঙ্গী কেন্দ্রের এসইউসিআই প্রার্থীরা এদিন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা থেকে মিছিল করে জেশপ বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম কেন্দ্রের এসইউসি প্রার্থীরা মনোনয়ন জমা দেন আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে। কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ কেন্দ্রের এসইউসিআই প্রার্থীরা সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা করেন।
  • Link to this news (বর্তমান)