শ্রীরামপুরে প্রদেশ সভাপতিকে প্রার্থী করল কংগ্রেস, শুরু রাজনৈতিক চর্চা
বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির শ্রীরামপুরে দলের প্রদেশ সভাপতিকে প্রার্থীকে করে চমক দিল প্রদেশ কংগ্রেস। ২০১৬ সালের পরে ২০২৬ সাল। ফের একবার শ্রীরামপুরে লড়াইয়ে নামবেন শুভঙ্কর সরকার। দশবছর আগে অবশ্য তিনি প্রদেশ সভাপতি ছিলেন না। এবারে একদিকে রাজ্যজুড়ে কংগ্রেসের পৃথক লড়াইয়ের সিদ্ধান্ত সেই সঙ্গে প্রদেশ সভাপতিকে শ্রীরামপুরে প্রার্থী করা, ভিন্ন মাত্রা পাচ্ছে। প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ১০টি আসন বাদ রেখে প্রার্থী ঘোষণা করেছিল কংগ্রেস। তারমধ্যে বাকি ছিল মুর্শিদাবাদ ও হুগলির একটি আসন। দু’টির মধ্যে কোনো একটিতে প্রদেশ সভাপতিকে প্রার্থী করা নিয়ে দলে আলোচনা চলছিল। শেষপর্যন্ত শ্রীরামপুরে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে দল। জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, অতীতে তিনি শ্রীরামপুরে লড়েছিলেন। ফলে, পরিচিত ময়দান হওয়ায় শ্রীরামপুরে তাঁকে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মহল অবশ্য বলছে, আরও একটি বিষয় ওই সিদ্ধান্তের পিছনে কাজ করছে। সেটি এই যে, শ্রীরামপুর বরাবর ডানপন্থীদের প্রতি সহানুভূতিশীল। সেই বিষয়টি কাজে লাগানোর ভাবনা নেতৃত্বের আছে। যদিও শুভঙ্করবাবু বলেন, ২০২৬ সালে আমি শুধু শ্রীরামপুরের কংগ্রেস প্রার্থী নই, আমি শ্রীরামপুরের সাধারণ মানুষের প্রার্থী — তাঁদের দাবি, অধিকার এবং ক্ষোভকে বিধানসভায় তুলে ধরার অঙ্গীকার নিয়ে দাঁড়িয়েছি। তৃণমূল কংগ্রেস অবশ্য প্রদেশ সভাপতির প্রার্থী হওয়াকে গুরুত্ব দিতে চায়নি। তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ বলেন, সমস্ত প্রার্থী সম্মাননীয়। কিন্তু বাস্তবে প্রার্থী তালিকায় একজনের নাম বাড়ল। এর বেশি কিছু মনে করছি না।