• গুন্ডারাজের বিরুদ্ধে স্লোগান তুলে নোয়াপাড়ায় তৃণমূলের প্রচারে, প্রকাশ হল থিম সং
    বর্তমান | ০৩ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নোয়াপাড়ায় গুন্ডারাজের বিরুদ্ধে স্লোগান তুলে নির্বাচনি প্রচারে নামল তৃণমূল। ‘শান্তি শিক্ষা স্বাস্থ্য চাই, গুন্ডারাজের স্থান নাই’ স্লোগান প্রকাশ করল তৃণমূল। বৃহস্পতিবার ইছাপুরের কালীতলায় ঘোষপাড়া রোডে তৃণমূলের কেন্দ্রীয় নির্বাচনি কার্যালয় উদ্বোধন হয়। শহিদ বিকাশ বসুর ছবি লাগানো অ্যাপ্রোন পরে তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য, নির্বাচন কমিটির চেয়ারম্যান মলয় ঘোষ, বিকাশ বসুর ভাই প্রদীপ বসু কার্যালয় উদ্বোধন করেন। ওই অ্যাপ্রোন পরেই আগামী দিনে প্রচারে নামবেন বলে তৃণাঙ্কুর জানিয়েছেন। স্লোগানের পাশাপাশি এদিন উদ্বোধন হয় থিম সং ও প্রার্থী পরিচিতি। 

    প্রদীপ বসু সাংবাদিক সম্মেলনে স্লোগান উদ্বোধন করে বলেন, আজ থেকে ২৬ বছর আগে ১ এপ্রিল আমার দাদাকে আততায়ীরা খুন করেছিল। আমরা সেই গুন্ডারাজ নোয়াপাড়ায় আর চাই না। চাই শান্তি। উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান তথা নির্বাচন কমিটির চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, বিকাশদার রক্তে নোয়াপাড়ায় তৃণমূলের মাটি শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। আমরা উত্তর বারাকপুর পুরসভা থেকে প্রতিবার লিড দিই। এবারও দেব।  দলকে জেতানোর জন্য সবরকম চেষ্টা করব। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন গারুলিয়া পুরসভার চেয়ারম্যান রমেন দাস, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কর প্রমূখ। 

    প্রসঙ্গত, এদিন গারুলিয়ার তৃণমূল ত্যাগী সুনীল সিং এবং হালিশহরের রাজু সাহানি বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেছেন। বিজেপিকে যোগদান এখন সময়ের অপেক্ষা। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য এসবে গুরুত্ব না দিয়ে বলেন, ২০১৮ থেকে নোয়াপাড়ার সঙ্গে আমার যোগাযোগ। গত লোকসভা নির্বাচনে আমি এলাকা চষে বেরিয়েছি। এখানকার মানুষ শিক্ষিত, শান্ত, সংস্কৃতিবান এবং রুচিসম্পন্ন। হিংসা, গুন্ডারাজ পছন্দ করেন না। কিন্তু বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, বিকাশ বসুকে খুনের অভিযোগে তিনি ৯০ দিন জেল খেটেছিলেন, তাঁকে দেখে ভয় পাচ্ছে মানুষ। তাই আমাদের স্লোগান, ‘শান্তি শিক্ষা স্বাস্থ্য চাই-গুন্ডারাজের স্থান নাই।’ গুন্ডারাজের পুনরাবৃত্তি চায় না নোয়াপাড়ার মানুষ।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)