• ‘এই ডিএম, এই এসপি… আয় কে আছিস?’ উত্তেজক বক্তৃতা, মোথাবাড়ির ঘটনার ‘মূলচক্রী’ কে এই মোফাক্কেরুল?
    এই সময় | ০৩ এপ্রিল ২০২৬
  • কালো প্যান্ট, হালকা আকাশি রংয়ের ফুল হাতা শার্ট। গাড়ির বনেটের উপরে উঠে হাতে মাইক্রোফোন নিয়ে বক্তৃতা দিচ্ছেন। গাড়ির চারিদিকে শয়ে শয়ে মানুষের ভিড়। বক্তৃতা শুনে কেউ উচ্ছ্বসিত হচ্ছেন, কেউ মোবাইলে ক্যামেরাবন্দি করছেন তাঁর বক্তৃতা। ঘটনাস্থল মালদার সুজাপুর স্ট্যান্ড। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে কালিয়াচক ২ ব্লক অফিসে তখন কার্যত বন্দি হয়ে রয়েছেন SIR-এর কাজে যুক্ত সাত জন বিচারক। বুধবার রাতের ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য শুক্রবার সকালে বাগডোগরা এয়ারপোর্ট থেকে সেই ব্যক্তি মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। কে এই মোফাক্কেরুল? কী তাঁর পরিচয়?

    উত্তর দিনাজপুর জেলার ইটাহারের পোরসা হাটখোলার বাসিন্দা মোফাক্কেরুল। আইন নিয়ে পড়াশোনা করেছেন। চল্লিশোর্ধ্ব মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিলেন। তবে বর্তমানে কলকাতা হাইকোর্টের কাছে তাঁর চেম্বার রয়েছে। পরিবার নিয়ে তিনি বর্তমানে কলকাতাতেই থাকেন। পেশাগত কারণে বিভিন্ন রাজ্যে যাতায়াত রয়েছে। ইটাহারের বাড়িতে বাবা মোস্তাক হোসেন, মা ফতেমা বিবি ও এক ভাই থাকেন। অপর দুই ভাই ওই এলাকায় অন্য বাড়িতে থাকেন। বাবা মোস্তাক হোসেন কচুয়া এমটিবিকে হাই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।

    আসাদউদ্দিন ওয়েইসির ভক্ত মোফাক্কেরুল মিম দলের সদস্য। মিমের হয়ে ২০২১ সালে তিনি ভোটেও দাঁড়িয়েছিলেন। ইটাহার থেকেই মিমের টিকিটে নির্বাচনে লড়েন। সামান্য ভোট পেলেও রাজনৈতিক পরিমণ্ডলে তাঁর পরিচিতি বাড়তে থাকে।

    মোফাক্কেরুলকে গ্রেপ্তারের পরে এডিজি কে জয়রামন বলেন, ‘আমরা মনে করছি, মালদার বিভিন্ন হিংসার ঘটনায় এই ব্যক্তি অন্যতম ষড়যন্ত্রকারী। উনি একজন আইনজীবী। ইটাহারে থাকেন। তিনি মানুষকে প্ররোচনা দিয়েছেন, একাধিক ভিডিয়োয় সেটা দেখা গিয়েছে। আমরা তাঁকে ট্র্যাক করছিলাম। সিআইডি বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করেছে।’

    মোফাক্কেরুল ইসলামকে রাজনীতির পাশাপাশি বিভিন্ন প্রতিবাদ সভায় দেখা গিয়েছে। বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মার কুরুচিপূর্ণ মন্তব্য থেকে শুরু করে ওয়াকফ বিলের প্রতিবাদ। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করতেন মোফাক্কেরুল। সম্প্রতি SIR-এ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য তাঁকে সরব হতে দেখা গিয়েছে। বিভিন্ন ইস্যুতে উত্তেজক বক্তব্য দিতে শোনা গিয়েছে তাঁকে।

    সুজাপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে ঘটনার দিন দীর্ঘক্ষণ বক্তৃতা দেন মোফাক্কেরুল। তাঁকে বলতে শোনা যায়, ‘এই ডিএম, এই এসপি, ডিআইবি সিআইডি কে আছিস রে ভাই? আইবি… আয় এখানে আয়।…. একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলেমেয়েকে বাঁচানোর আন্দোলন। এখানে আসলাম, হাজির দিয়ে চলে গেলাম। হবে না।’

    উল্লেখ্য, SIR-এ বিচারাধীন একাধিক ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এই অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে। বুধবার মালদা জেলায় সকাল থেকেই বিভিন্ন এলাকায় প্রতিবাদ শুরু হয়। সেই দিন বিকেল ৪টে থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত কালিয়াচক-২ ব্লক অফিসে SIR-এর কাজের সঙ্গে যুক্ত সাত জন বিচারককে আটকে রাখা হয়েছিল। এই ঘটনায় ভয়ানক ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে। শোকজ করা হয়েছে একাধিক প্রশাসনিক আধিকারিকদের। এই ঘটনার তদন্তভার NIA-কে দিয়েছে নির্বাচন কমিশন।

  • Link to this news (এই সময়)