• মোফাক্কারুলের গ্রেপ্তারিতে CID-কে কৃতিত্ব মমতার
    আজকাল | ০৩ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে ক্ষোভ, এসআইআর-এর কাজে যাওয়া জুডিশিয়াল অফিসারদের আটকে রেখে যে বিক্ষোভ শুরু হয়, তাঁর রেশ গড়িয়েছে বহুদূর। বৃহস্পতিবারেই মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, গোটা ঘটনায় কোনও যোগ নেই তৃণমূলের। তাঁর দল স্রেফ শান্তি চায়, স্পষ্ট করেন সেকথাও। ঘটনায় কংগ্রেসের দিকে নিশানা করেছিলেন।

    শুক্রবার, মোফাক্কারুল গ্রেপ্তার হতেই মমতা ব্যানার্জি কৃতিত্ব দিলেন সিআইডি'কে। এদিন নাম না করেই, হরিরামপুরের জনসভা থেকে তিনি বলেন, 'মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে, তাঁকে হাতেনাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি।'

    তারপরেই বিজেপিকে একহাত নিয়ে মমতা বলেন, 'বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বই থেকে এসেছিল। মুম্বই থেকে বিজেপি ধার করে ওই মিম'কে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সঙ্গে, কংগ্রেসেরও উস্কানি আছে, বিজেপিরও উস্কানি আছে।' 

    মমতা আরও বলেন, 'বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল, বিজেপির টাকায়। কালকেও যে দাঙ্গা করিয়েছিল, সেটাও এরাই করিয়েছিল। পরিকল্পনা করে। এনআইএ আসার  আগে আমাদের সিআইডি গ্রেপ্তার করেছে, আসল কালপ্রিটকে।' 

    এদিন যেমন তিনি বহিরাগত তও তুলে ধরলেন, তেমনই বড় কটাক্ষ করলেন, পরপর পদাধিকারিদের বদল নিয়ে। সাফ হুঁশিয়ারি দিলেন, যেসব অভিযোগ তিনি করছেন সেসবের অভিযোগ রয়েছে তাঁর কাছে। সময় হলে প্রকাশ্যে আনবেন সেসব। 

    বুধ থেকে উত্তাল মালদহ। তথ্য, মালদহ কাণ্ডে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে আইনজীবী মোফাক্কারুল ইসলামকে। প্রতিবেদন লেখার সময়, সামনে এসেছে মোফাক্কারুলের একটি ফেসবুক লাইভ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'এসআইআর-এর নাম করে যেসব মুসলিম ভোটারদের ডিভোটার করা হয়েছে, বা ডিলিট করেছে যাঁদের নাম হয়নি, তাঁদের আন্দোলনের সহযোগিতা করতে গিয়ে, যদিও ওই আন্দোলন আমি করিনি, আমি কলকাতা থেকে আলিপুরদুয়ার যাচ্ছিলাম, ওই আন্দোলনের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে বক্তব্য দেওয়ার কারণে, আমার জন্য কোনও জজ সাহেব আটকও ছিল না...'। মোফাক্কারুলের বক্তব্য, বিক্ষোভের মাঝে বক্তব্য দেওয়ার কারণেই গ্রেপ্তার করা হয় তাঁকে। মোফাক্কারুলের নামে বৃহস্পতিবারেই জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। 

    মালদহের ঘটনা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শাখার এডিজি কে জয়রামন বলেন, 'আমরা এখনও পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছি এবং ১৯টি মামলা দায়ের করেছি। মূল উস্কানিদাতা মোফাক্কারুল ইসলামকে বাগডোগরা থেকে আটক করা হয়েছে। তাঁকে কালিয়াচক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকাজে কেন দেরি হল, আমরা তার তদন্ত করছি এবং এরপর একটি রিপোর্ট জমা দেব।'

     
  • Link to this news (আজকাল)