আজকাল ওয়েবডেস্ক: এবার শহরের অন্যতম বড় সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এনআরএস)-এর সিসিইউ-তেই মৃত্যু ফাঁদ। ভেঙে পড়ল ছাদের চাদের চাঙড়। জানা গিয়েছে, সিসিইউ-এর ছাদে একাধিক জায়গায় বড়সড় ফাটল রয়েছে। এছাড়াও সিসিইউ-এর পিলার ও দেওয়াল আলাদা হয়ে গিয়েছে।
এনআরএস-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ সিসিইউ। আপাতত সেখানে রোগী ভর্তি বন্ধ করা হয়েছে। ১২ শয্যা সিসিইউ-তে দুর্ঘটনার সময়ে সাত জন রোগী ভর্তি ছিলেন। তবে দুর্ঘটনার জেরে রোগীদের কোনও ক্ষতি হয়নি। সাত জন রোগীকেই অন্যত্র সরানো হয়েছে।
পূর্ত দপ্তর ইতিমধ্যেই সিসিইউ ভবনটির মেরামতির কাজ শুরু করছে। এনআরএস কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এই মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত সিসিইউ-তে রোগী ভর্তিকরা হবে না।
রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেছেন, "গত ১লা এপ্রিল সিসিইউ-এর দেওয়ালে একটি ফাটল নজরে আসে। পূর্ত দপ্তরকে খবর দেওয়া হয়। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং ফলস সিলিং সরিয়ে ছাদটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। বর্তমানে কাজ চলছে। রোগীদের এইচডিইউ-তে সরিয়ে নেওয়া হয়েছে।"
আরজি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজে হাসপাতালের লিফট বন্ধ, ট্রমা কেয়ারের শৌচলয় বন্ধ। উভয় ক্ষেত্রেই ঘটেছে মৃত্যুর ঘটনা। ফলে প্রশ্নের মুখে কলকাতার সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো। এনআরএস-এর ঘটনা ফের রোগী ও তাদের পরিবারের উদ্বেগকে আরও প্রকট করে তুলল।