দীর্ঘ ৭ বছর পরে ইরান থেকে ভারতের দিকে আসছিল অপরিশোধিত তেলের একটি ট্যাঙ্কার। আমেরিকান নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ইরান থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে বড় সুযোগ ছিল বিষয়ে ভারতের সামনে। কিন্তু হঠাৎই মাঝপথে দিক বদলাল সেই জাহাজ! ভারত ফেলে সোজা পাড়ি দিল চিনের দিকে। কেন ভারতমুখী তেলের ট্যাঙ্কার হঠাৎ চলে গেল চিনে? এই নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।
शिप ট্র্যাকিং ডেটা এবং পণ্যবাজার বিশ্লেষক সংস্থা কেপলারের (Kpler) তথ্য অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘পিং শুন’ (Ping Shun) নামের ট্যাঙ্কারটি ভারতের গুজরাটের ভাদিনার বন্দরে আসছিল। কিন্তু আচমকা সেটি দিক পরিবর্তন করে চিনের ডংইং (Dongying) বন্দরের দিকে রওনা দিয়েছে। সংবাদসংস্থা PTI সূত্রে জানা গিয়েছে, এই ট্যাঙ্কারটিতে প্রায় ৬ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে।
ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ার যুদ্ধ বা ভারত-চিন ভূ-রাজনৈতিক উত্তেজনা নয়, ট্যাঙ্কারটির দিক বদলের মূল কারণ পেমেন্ট বা দাম মেটানো সংক্রান্ত জটিলতা। শুধুমাত্র এই কারণেই আকস্মিক ভাবে পথ বদল করেছে জাহাজটি। আন্তর্জাতিক সুইফট (SWIFT) ব্যাঙ্কিং সিস্টেমে নেই ইরান। তাই তাদের সঙ্গে আর্থিক লেনদেন করাটা বেশ কঠিন।
কেপলার-এর বিশ্লেষকদের মতে, আগে তেল কেনার পরে টাকা মেটানোর জন্য ৩০ থেকে ৬০ দিন সময় পাওয়া যেত। কিন্তু এখন বিক্রেতারা তড়িঘড়ি পেমেন্ট চাইছেন। এই সকল কারণেই ট্যাঙ্কারটি ভারতের বদলে চিনের দিকে ঘুরে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
২০১৯ সালের মে মাসে আমেরিকার কড়া নিষেধাজ্ঞার কারণে ইরান থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করেছিল ভারত। সম্প্রতি আমেরিকা সেই নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেয়। ফলে দীর্ঘ ৭ বছর পরে ভারতে ফের ইরানি তেল আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পেমেন্ট জটিলতায় আপাতত সেই আশায় জল ঢালল এই ঘটনা। ১৯ এপ্রিল এই ছাড়ের সময়সীমা শেষ হচ্ছে। তার আগে কি ইরান থেকে আর কোনও ট্যাঙ্কার আসবে ভারতে? নজর থাকবে সে দিকেই।