রাম মন্দির, তিন তালাক, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে এ বার অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) চালুর বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার অসমের (Assam) গোলপাড়ায় প্রচারে গিয়ে অনুপ্রবেশ (Infiltrators) ইস্যুতে সরব হন তিনি। তার পরেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর বার্তা দিয়ে বলেন, ‘ইউনিফর্ম সিভিল কোড লাগু হলেই অনুপ্রবেশকারীরা আর চারটি বিয়ে করতে পারবে না।’
আগামী ৯ এপ্রিল এক দফায় ভোট হবে অসমে। তার আগে জোর কদমে চলছে প্রচার। এ দিন অসম গণ পরিষদ এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে গিয়ে অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেসকে কাঠগড়ায় তোলেন অমিত শাহ। তিনি বলেন, ‘আগে কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের বাড়ি বানিয়ে দিত। ফলে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে। কিন্তু বিজেপি সরকার সে সব বন্ধ করে দিয়েছে।’ আগামী পাঁচ বছরের মধ্যে পুরো অসম থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানোর হুঁশিয়ারিও দেন তিনি। শাহের কথায়, ‘আর পাঁচ বছর সময় দিন। রাজ্য থেকে সমস্ত অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেবো।’
এর পরেই ইউনিফর্ম সিভিল কোড লাগুর বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ৪ মে বিজেপি সরকার গঠন করলেই সবার প্রথমে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা হবে। আর কোনও অনুপ্রবেশকারী চারটি বিয়ে করতে পারবে না।’ আদিবাসী উন্নয়নের রোডম্যাপও প্রস্তুত রয়েছে বলে ঘোষণা করেন তিনি। শাহ বলেন, ‘কংগ্রেস কখনও আদিবাসীদের সম্মান দেয়নি। বিজেপি দিয়েছে। মোদী সরকারই প্রথম একজন আদিবাসী মহিলাকে দেশের রাষ্ট্রপতি করেছে।’ অসমের আদিবাসী এলাকাগুলিতে ইউনিফর্ম সিভিল কোড লাগু হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
মার্চের শুরুর দিকে গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল মেঘালয়। উপজাতি না হলে নির্বাচনে দাঁড়াতে পারবেন না বলে নির্দেশিকা ঘিরে অশান্তি ছড়িয়ে পড়ে। পুলিশের গুলিতে দু’জনের মৃত্যু হয়। এই ঘটনার জন্যও অনুপ্রবেশকারীদের কাঠগড়ায় তোলেন শাহ। তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরা গারো মহিলাদের বিয়ে করে কাউন্সিলের ক্ষমতা দখলের চেষ্টা করছিল। সব বন্ধ করে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে তা সারা দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য ব্যক্তিগত ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যার মধ্যে রয়েছে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক প্রভৃতি। বিজেপি নেতৃত্বের যুক্তি, এই আইন কার্যকর হলে সম্প্রীতি বাড়বে, লিঙ্গ বৈষম্যের অবসান হবে। তবে, শাহ এ দিন শুধু অসমেই ইউনিফর্ম সিভিল কোড লাগুর বার্তা দিয়েছেন। অবশ্য বিরোধীদের মতে, বিশেষ একটি সম্প্রদায়কে নিশানা করতেই এই বিল আনার কথা ভাবছে বিজেপি। এতে সংখ্যালঘু সমাজ আরও কোণঠাসা হবে।