মৌনতাই শক্তি, নীরবে হেঁটে সবাই গেলেন প্রশাসনের কাছে
আজকাল | ০৪ এপ্রিল ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: মুখে কোনও স্লোগান নেই, নেই কোনও রাজনৈতিক দলের পতাকা। শুধু জাতীয় পতাকা হাতে নিয়ে নীরব প্রতিবাদে সামিল হলেন এলাকাবাসী। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অসন্তোষের জেরে শক্তিগড়ে আয়োজন করা হয়েছিল এক মৌন মিছিলের।
অভিযোগ, বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সেই প্রতিবাদেই বৃহস্পতিবার বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় যুব গোষ্ঠীর উদ্যোগে ফুটবল ময়দান থেকে একটি নীরব পদযাত্রা শুরু হয়। মিছিলটি বিডিও অফিস পর্যন্ত গিয়ে শেষ হয়।
সেখানে বিক্ষোভকারীরা বিডিও-র হাতে একটি স্মারকলিপি তুলে দেন। আয়োজকদের বক্তব্য, “চুপ থাকাই আজ প্রতিবাদ, নীরবতাই সবচেয়ে জোরালো কণ্ঠস্বর।”
স্মারকলিপিতে একাধিক দাবি তুলে ধরা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্ত বৈধ ভোটারের নাম অবিলম্বে পুনর্বহাল করা, সামান্য বা ক্লারিক্যাল ত্রুটিকে ডিলিশনের কারণ হিসেবে না ধরা, স্বচ্ছ ও মানবিক যাচাই প্রক্রিয়া নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের নথিপত্র পুনর্বিবেচনা করা। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে ব্লক অফিসে আবেদনপত্র গ্রহণ ও সহায়তা প্রদানের ব্যবস্থাও জোরদার করার দাবি জানানো হয়েছে।
প্রতিবাদকারীদের অভিযোগ, প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও নাম বাদ দেওয়া হচ্ছে। আধিকারিকদের দ্বারস্থ হয়েও সন্তোষজনক কোনও উত্তর মেলেনি বলে দাবি তাঁদের। প্রতিবাদকারীরা আরও বলেন, “আমরা কোনও বাংলাদেশি বা রোহিঙ্গা নই। আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। তা সত্ত্বেও বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে।”