• গ্যাসের লাইন সামাল দিতেও মোতায়েন কেন্দ্রীয় বাহিনী!
    আজকাল | ০৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন গ্যাস সেন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অভিযোগ, কেউ দুই ঘণ্টা, আবার কেউ পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও সিলিন্ডার পাচ্ছেন না।

    লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ জানান, বাড়িতে ছোট বাচ্চা রেখে বা না খেয়েই তাঁদের অপেক্ষা করতে হচ্ছে। একাধিক পরিবারের গ্যাস শেষ হয়ে যাওয়ায় রান্নাবান্না কার্যত বন্ধ হওয়ার জোগাড়। ফলে সমস্যার তীব্রতা আরও বেড়েছে।

    এদিকে স্লিপ বিতরণ নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রথমে জানানো হয়েছিল ৫০ জনকে স্লিপ দেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পৌঁছনোর পর সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয় বলে অভিযোগ। এই পরিবর্তন ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারা ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছে। তবুও ক্ষোভ কমছে না সাধারণ মানুষের মধ্যে।

    দ্রুত সমস্যার সমাধান ও নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও ভোগান্তি এখনো কাটেনি বলে অভিযোগ।
  • Link to this news (আজকাল)