• পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা, ভোটের মুখে রাজ্যের দুই মন্ত্রীকে তলব ইডি-র
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • সামনেই বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। তার ঠিক আগে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় নড়েচড়ে বসল ED। শুক্রবার এই মামলার তদন্তে দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose) এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে (Rathin Ghosh) তলব করলেন তদন্তকারীরা। তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

    সুজিত বসুকে আগামী ৬ এপ্রিল ডেকে পাঠিয়েছে ED। রথীন ঘোষকে তলব করা হয়েছে আগামী ৯ এপ্রিল। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখতেই তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে ED-র তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে।

    তবে এ বারই প্রথম নয়। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৪-এর জানুয়ারি এবং ২০২৫-এর অক্টোবরে মন্ত্রী সুজিত বসুর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল ED। পাশাপাশি মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েক জনের বাড়িতেও হানা দিয়েছিলেন তদন্তকারীরা। পাশাপাশি এই মামলায় ২০২৩-এর অক্টোবরে রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ED।

    উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অয়ন শীলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি করেই পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডের হদিশ পাওয়া যায় বলে দাবি তদন্তকারীদের। তিনি বিপুল টাকার বিনিময়ে রাজ্যের প্রায় ১৫টি পুরসভায় অনেককে চাকরি করে দেন বলে অভিযোগ। টাকার লেনদেন খতিয়ে দেখতে তদন্তে নামে ED।

    তদন্তকারীদের দাবি, পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল অঙ্কের লেনদেনের হদিশ মিলেছে। আগামী দিনে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে তলব করা হতে পারে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় সক্রিয়তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে সরব হয়েছে বিজেপি। পাল্টা রাজনৈতিক উদ্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল।

  • Link to this news (এই সময়)