ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List)। এখন বিচারাধীন ভোটারদের নাম নিষ্পত্তির কাজ করছেন জুডিশিয়াল অফিসাররা। যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের আবেদন করতে হবে ট্রাইবুনালে (Tribunal)। শুক্রবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Election Commission of India)। জানিয়ে দেওয়া হলো ট্রাইবুনালে আবেদনের প্রক্রিয়া।
অনলাইন এবং অফলাইন, দু’ভাবে আবেদন করা যাবে ট্রাইবুনালে। অনলাইনে আবেদন করার জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট voter.eci.gov.in-এ যেতে হবে। আর অফলাইনে জেলাশাসক বা মহকুমাশাসকের দপ্তরে গিয়ে আবেদন করতে হবে।
যে সব ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের প্রথমে নির্বাচন কমিশনের voter.eci.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগ ইন করার পরে ক্লিক করতে হবে under adjudication ট্যাবে। এখানে বেশ কয়েকটি অপশন আসবে। তার মধ্যে থেকে বেছে নিতে হবে submit appeals for individuals অপশনটি। এখানে আবেদন করতে হবে।
অফলাইনে আবেদনের জন্য যেতে হবে জেলাশাসক কিংবা মহকুমাশাসকের কার্যালয়ে। সেখানে সাদা কাগজে আবেদনকারীর EPIC নম্বর দিয়ে বিস্তারিত বিবরণ জমা করতে হবে। আধিকারিক সেগুলি ডিজিটালি সংরক্ষণ করবেন। পাশাপাশি আবেদনের মূল কপিটিও সযত্নে রাখতে হবে বলে জানিয়েছে কমিশন। একই সঙ্গে ভোটার তালিকায় কারও নামের অন্তর্ভুক্তিকে চ্যালেঞ্জ জানানোও যাবে। সেক্ষেত্রে তাঁর EPIC নম্বরও দিতে হবে আবেদনপত্রে।
অনলাইন এবং অফলাইনে জমা পড়া সমস্ত আবেদনের নিষ্পত্তি করবেন জেলাশাসক। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম বিচারাধীন ছিল। তার পর থেকে ধাপে ধাপে ৮টি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রায় ৫৪ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে বাদ গিয়েছে প্রায় ৪০ শতাংশ নাম। ট্রাইবুনালে তাঁরাই আবেদন করতে পারবেন।