এই সময়, হলদিয়া: ভোটের আগে শুভেন্দ্ু অধিকারীর কেন্দ্রেই দলের অস্বস্তি বাড়ালেন বিজেপি নেতা।
জানা গিয়েছে, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা অশোক করণ বিজেপি কর্মী বিমল মাইতিকে চড় মারেন বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করেনি 'এই সময়')।
একটি জমি সংক্রান্ত মামলার বৃহস্পতিবার বিকেলে সালিশি সভা বসেছিল নন্দীগ্রামের বৃন্দাবন চকে। বিমলের বিরুদ্ধে অন্যের জমিতে বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল। অভিযোগ করেছিলেন ওই গ্রামেরই বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্য। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছিলেন তিনি। মামলায় সম্প্রতি জিতে যান বিমল। তার পরেও বিমলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সালিশি সভা ডাকা হয়।
সেখানে অশোক বিমলের দিকে তেড়ে যান ও তাঁকে চড় মারেন বলে অভিযোগ। এমনকী তাঁর দেহরক্ষীও মারধর করেন বলে অভিযোগ বিমলের। যদিও অশোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়নি। কোনও মন্তব্য করেননি অশোকও। বিজেপি নেতা মেঘনাদ পাল বলেন, 'কেন এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখছি।' ঘটনার নিন্দায় তৃণমূল নেতা শেখ আলরাজি বলেন, 'বিজেপি মুখে রামের কথা বলে। অথচ অন্যায়ভাবে দলীয় কর্মীকে মারধর করে।'