• শশী থারুরের কনভয়ে হামলা, আহত কংগ্রেস নেতার নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার ৫
    এই সময় | ০৪ এপ্রিল ২০২৬
  • কংগ্রেস সাংসদ শশী থারুরের (Shashi Tharoor) কনভয়ে হামলার অভিযোগ। শুক্রবার রাতে কেরালার মালাপ্পুরম জেলায় চেল্লিথোডুরের কাছে ভান্দুরে ভোটের প্রচারের সময়ে কংগ্রেস নেতার কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য রক্ষা পান থারুর। গুরুতর জখম হয়েছেন তাঁর নিরাপত্তারক্ষী। ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনের আবহে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

    শুক্রবার UDF প্রার্থী এপি অনিলকুমারের হয়ে প্রচারে ওয়ান্ডুর যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মোটরবাইকে থাকা দুষ্কৃতীরা থারুরের গাড়ি ধাওয়া করে হামলা চালায়। অভিযুক্তরা কনভয়ের গাড়িগুলিকে ঘিরে ফেলে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। গাড়ির উইন্ডস্ক্রিন ও জানলার কাচে লাগাতার আঘাত করতে থাকে দুষ্কৃতীরা। কংগ্রেস সাংসদকে রক্ষা করতে তাঁর দেহরক্ষী এগিয়ে গিয়ে দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে জখম হন। তাঁকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে থারুর অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, প্রধান অভিযুক্ত উম্মারের বিরুদ্ধে পুলিশ একটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে।

    ভোটের আগে এই ধরনের হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচনী পরিবেশের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোট নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কেরালায় এ বারে এক দফায় ৯ এপ্রিল ভোট হবে।

  • Link to this news (এই সময়)