এই সময়, বনগাঁ: বৃহস্পতিবার রাতে বনগাঁর শিমুলতলা এলাকায় মতুয়াদের ধর্মসভায় এসে কয়েকজন মতুয়ার হাতে বিজেপির পতাকা ধরানোর অভিযোগ উঠেছে বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়ার বিরুদ্ধে। তাঁদেরকে বিজেপি করার পরামর্শও দিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ধর্মীয় সভায় যোগ দেওয়া মতুয়াদের অভিযোগ, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে দলীয় পতাকা ধরিয়ে বিজেপিতে যোগদান করিয়েছেন অশোক কীর্তনিয়া। যদিও তাঁরা এখনও তৃণমূলের সঙ্গেই আছেন। তাঁদের দাবি, ধর্মীয় সভা থেকে শাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর শিমুলতলা এলাকায় বৃহস্পতিবার রাতে মতুয়াদের ধর্মীয় মহাসভা ছিল। সেখানে সাধারণ মতুয়া থেকে দলপতি হরেকৃষ্ণ রায় ছিলেন। সেই অনুষ্ঠানে এসেছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বারের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া।
অভিযোগ উঠেছে, সেখানে হাজির থাকা মতুয়া দলপতি হরেকৃষ্ণ রায়–সহ অন্যান্য মতুয়াদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে দেন অশোক কীর্তনিয়া। বিজেপিতে যোগদানের প্রমাণ হিসেবে তাঁদের ছবিও তোলা হয়। মতুয়া দেবনারায়ন চৌধুরী বলেন, ‘মতুয়া ধর্মসভায় মহিলাদের শাড়ি দেওয়ার কথা বলে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়া এসে আমাদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দিয়ে বিজেপি করার পরামর্শ দেন।’
দলপতি হরেকৃষ্ণ রায় বলেন, ‘দলপতি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইচ্ছার বিরুদ্ধেই আমাদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা তৃণমূলের সঙ্গে ছিলাম, আগামী দিনেও থাকব।’