আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটদানে আরও সুবিধা করতে পোলিং স্টেশন বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যে আরও ৪৬৬০টি অতিরিক্ত পোলিং স্টেশন (auxiliary polling stations) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
কোনও পোলিং স্টেশনে ভোটারের সংখ্যা বেশি হয়ে গেলে, সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে সমস্যা হয়, এই কথা মাথায় রেখে অতিরিত্ত পোলিং স্টেশন বা ভোটকেন্দ্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশ, ১২০০ জনের বেশি ভোটার হয়ে গেলে, অতিরিক্ত পোলিং স্টেশন তৈরি করতে হবে। এই কারণেই ৪৬৬০টি অতিরিক্ত পোলিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া, ভোটারদের সুবিধার কথা ভেবে ৩২১টি পোলিং স্টেশন নতুন জায়গায় সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে অক্সিলিয়ারি পোলিং স্টেশন মিলিয়ে রাজ্যে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৮৫৩৭৯টি।
এরই সঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, অতিরিক্ত ভোটকেন্দ্র তৈরি হলে বা ভোটকেন্দ্রের ঠিকানা বদল হলে, ওই এলাকার প্রত্যেক ভোটারকে তা জানাতে হবে। যে এলাকার ভোটকেন্দ্রে এই কাজ হবে, সেই এলাকায় প্রচার করতে হবে। রাজনৈতিক দলগুলিকেও জানাতে হবে।