• রাঘবকে দলে টানতে তৎপর গেরুয়া শিবির, সন্দেহ আপের, পাঞ্জাব ভোটে মুখ করতে চাইছে বিজেপি
    বর্তমান | ০৪ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আম আদমি পার্টিতে আবার ঝড়। এবার রাঘব চাড্ডাকে। একসময় রাজ্যসভায় দলের অন্যতম স্টার এমপি এখন দলের কাছেই প্রবল অস্বস্তিতে পরিণত হয়েছেন। বেশ কিছুদিন ধরেই রাঘব চাড্ডার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের দলের মতান্তর এবং দূরত্ব বাড়ছিল। দলের কোনো কর্মসূচিতে তিনি থাকছেন না। এমনকি কেজরিওয়াল ও মণীশ সিশোদিয়াকে আদালত সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়ার পরও দলের বিজয়োৎসবে তিনি যোগ দেননি। রাজ্যসভায় দলের এজেন্ডায় তাঁকে কিছু বলতে শোনা যায় না। বরং আম জনতার প্রাত্যহিক সমস্যা নিয়েই তিনি বেশি মনোযোগ দেন। আম আদমি পর্টির রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় বুধবার। তারপরই চাড্ডা প্রকাশ্যে দলের বিরুদ্ধে প্রশ্ন তোলেন। সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি দলের বিরুদ্ধে তোপ দাগেন। ২৪ ঘণ্টার মধ্যেই আপ প্রত্যাঘাত করেছে। দলের নেতা সৌরভ ভরদ্বাজ বলেন, অরবিন্দ কেজরিওয়াল একটি কথা বলেন। যো ডর গয়া, সমঝো মর গয়া। যাঁরা বিজেপির এজেন্সির ভয়ে ভীতু হয়ে আক্রমণ না করে ভালো ভালো কথা বলে থাকেন, কিন্তু প্রধানমন্ত্রী অথবা কেন্দ্রকে কোনও ইস্যুতেই আক্রমণ করতে ভয় পান তাঁদের সম্পর্কে মানুষ বুঝতে পারে।  ভোটের রাজ্যে বৈধ নাগরিকদের নাম বাদ যাচ্ছে। অথচ সাধারণ মানুষের এই সমস্যা নিয়ে কোনো হেলদোল নেই এইসব ভীতুদের। তারা শিঙাড়ার দাম কেন এয়রেপোর্টে বেশি, এই নিয়ে কথা বলছে রাজ্যসভায়। আম আদমি পার্টি সন্দেহ করছে এই গোটা অপারেশন চালাচ্ছে বিজেপি। পাঞ্জাবে ভোট আসছে। রাঘব চাড্ডা পাঞ্জাব থেকেই নির্বাচিত রাজ্যসভার এমপি। পাঞ্জাবে বিজেপির মুখ নেই। পাঞ্জাবের ভোটের আগে রাঘব চাড্ডাকে বিজেপি দলে টানার চেষ্টা করেছে। আপ মনে করছে, রাঘবের বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত সিং মানও বলেছেন সমঝোতা করে ফেলেছেন রাঘব। বাংলায় ভোটারদের নাম বাদ যাওয়া, গুজরাতে আপ কর্মীদের বিরুদ্ধে ১৬০টি এফআইআর, পাঞ্জাবে জাত-ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা, ন্যূনতম সহায়ক মূল্য ও পাঞ্জাবের কেন্দ্রীয় বঞ্চনাগুলি ইস্যু নয়। এসব নিয়ে মুখ না খোলার অর্থ দলীয় নীতিকে অবজ্ঞা করা।
  • Link to this news (বর্তমান)