দেরাদুন: এবার হরিদ্বারে নিষিদ্ধ হতে চলেছে মাংস বিক্রি! অর্ধকুম্ভের আগে এমনই সিদ্ধান্ত উত্তরাখণ্ড প্রশাসনের। জানা গিয়েছে, শহরের সবক’টি মাংসের দোকান সরিয়ে নিয়ে যাওয়া হবে পাশের সরাই গ্রামে। হরিদ্বারের মেয়র কিরণ জয়সওয়াল জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল পুরসভার বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
হরিদ্বার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মূল স্নানের ঘাট হর কি পৌরীর আশেপাশের ৫ কিলোমিটার এলাকায় মদ, মাংস ও ডিম নিষিদ্ধ রয়েছে আগে থেকেই। পুরসভা সিলমোহর দিলে গোটা শহর থেকেই উধাও হয়ে যাবে মাংসের দোকান। মেয়র জানিয়েছেন, শহরের মাত্র ২০টি দোকানের কাছে মাংস বিক্রির লাইসেন্স রয়েছে। তবে অবৈধ দোকানের সংখ্যা অনেক বেশি। শহরের যে সব হোটেল ও রেস্তরাঁ আমিষ খাবার বিক্রি করে, তাঁদের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে । এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছেন কাউন্সিলর আরশাদ খোয়াজা। তিনি বলেছেন, ‘এখানে সব ধর্মের মানুষ ব্যবসা করেন। পুরসভা এলাকায় থাকা শতাধিক হোটেল ও রেস্তরাঁ বন্ধ হয়ে যাবে।’